বাবাকে নিয়ে ভিন্নধর্মী আয়োজনের আহ্বান সুরকার আলাউদ্দিনকন্যার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার-গীতিকার আলাউদ্দিন আলী বাংলা চলচ্চিত্রে এক অন্যতম পুরোধা। অন্যতম সফল সংগীত পরিচালক ছিলেন তিনি। তার সুর ও সংগীতে বহু গান হয়েছে কালজয়ী। এর মধ্যে কয়েকটি হলো— ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘প্রথম বাংলাদশ আমার শেষ বাংলাদেশ’, ‘সুখে থাকো ও আমার নন্দিনী’, ‘আছেন আমার মোক্তার’, ‘বন্ধু তিন দিন’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘এ জীবন তোমাকে দিলাম’ প্রমুখ।
ছয় বছর আগে ২০২০ সালের ৯ আগস্ট মৃত্যু বরণ করেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। কালজয়ী এ শিল্পীর মৃত্যুবার্ষিকী স্মরণে এবার ব্যতিক্রমী এক আয়োজনের ডাক দিয়েছেন তারই কন্যা সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন।
এ বিষয়ে বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আলাউদ্দিনকন্যা। সেই পোস্টে আলিফ লিখেছেন— এ দিনটাকে স্মরণ করতে আমার একটা ছোট্ট অনুরোধ— শিল্পী, সংগীতশিল্পী কিংবা শুধু গান ভালোবাসেন যারা, সবাইকে।
তিনি বলেন, স্টুডিওর দরকার নেই, নিখুঁত রেকর্ডিংয়েরও প্রয়োজন নেই। বাসায়, গাড়িতে, আড্ডায়, রিহার্সালে— যেখানেই ইচ্ছে, আব্বুর সুর করা বা সংগীতায়োজিত প্রিয় কোনো গান গেয়ে, বাজিয়ে কিংবা গুনগুন করে একটি ছোট্ট ভিডিও শেয়ার করুন। তবে এটিকে কোনো প্রতিযোগিতা বলছেন না আলিফ আলাউদ্দিন।
আলাউদ্দিনকন্যা বলেন, এটা কোনো আয়োজন নয়, কোনো প্রতিযোগিতাও নয়। শুধু একজন মানুষের সৃষ্টিকে ভালোবাসা থেকে একসঙ্গে স্মরণ করার একটি ছোট্ট চেষ্টা। আপনাদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এখনো সেটাই তার সবচেয়ে সুন্দর উত্তরাধিকার।
শেষে আলিফ বলেন, ‘আপনাদের কণ্ঠে, আপনাদের ভালোবাসায়, আব্বুর গানগুলো আরও একবার নতুন করে বেঁচে উঠুক।
এই স্মরণীয় আয়োজনে অংশ নিতে পোস্টে #AlauddinAliLivesOn হ্যাশট্যাগ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন আলিফ আলাউদ্দিন।
