তাপসীর ‘গান্ধারী’ নিয়ে বিতর্ক, গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত ‘গান্ধারী’ সিনেমার ভাবনা নাকি চুরি করা হয়েছে— এমন অভিযোগ ওঠার পর এবার জবাব দিলেন সিনেমার নির্মাতারা। মুম্বাইয়ের লেখক রাঘব দেসাই দাবি করে বলেছেন, ২০২৪ সালে তিনি নির্মাতাদের কাছে একই ধরনের একটি চিত্রনাট্য নিয়ে গিয়েছিলেন। তার অভিযোগ, পরে সেই ভাবনাই লেখক-প্রযোজক কণিকা ঢিল্লোর নামে ‘গান্ধারী’ হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে কণিকার প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’ এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সংস্থার তরফে জানানো হয়েছে, ‘গান্ধারী’ সিনেমাটি সম্পূর্ণ মৌলিক একটি গল্প। সামাজিক মাধ্যমে এবং কিছু প্রতিবেদনে এমন কিছু অভিযোগ আমাদের নজরে এসেছে— আমাদের আসন্ন সিনেমা ‘গান্ধারী’ অন্য কোনো এক ব্যক্তির ভাবনা নকল করে তৈরি করা হয়েছে এবং তার দেওয়া শিরোনাম ব্যবহার করা হয়েছে।
এর পরেই অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে— এই অভিযোগগুলো মিথ্যা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে তা অস্বীকার করছি। ‘গান্ধারী’ একটি মৌলিক সৃষ্টি; এটি রচনা ও প্রযোজনা করেছেন কণিকা ঢিল্লো এবং সেটিকে পরিপূর্ণতা দিয়েছে ‘কথা পিকচার্স’। এর কাহিনি ও চিত্রনাট্য কণিকার নিজস্ব সৃষ্টি। সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া দাবি ও প্রচারে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন নির্মাতারা।
দেবাশিস মাখিজা পরিচালিত ‘গান্ধারী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। এটি কণিকা ও তাপসীর একসঙ্গে ষষ্ঠ কাজ। এর আগে তারা একসঙ্গে ‘মনমর্জিয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘ডাঙ্কি’, ‘ফির আঈ হাসিন দিলরুবা’ সিনেমায় কাজ করেছেন। এ সিনেমাটি আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
