হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনকে আমিশার কড়া জবাব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। মুম্বাইয়ের তাজমহল প্যালেসে সম্প্রতি কয়েকজন বন্ধুর সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দেন আমিশা। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দুজনের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা।
এক্সে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে দাবি করেন, বেঙ্গালুরুর একটি হোটেলের পার্টিতে আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছেন, তাতে রেড্ডিটে ছড়িয়ে পড়া তাদের সম্পর্কের গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত মিলছে।
নেটিজেনের এমন মন্তব্য অবশ্য মোটেও ভালোভাবে নেননি আমিশা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তার জবাব দেন অভিনেত্রী।
আমিশা লিখেছেন, ‘একেবারে সত্যি কথা ভাই! মাই গড আপনি একদম ঠিক ধরেছেন... তার ওপর আমার হাত রাখার ধরনটা সত্যিই বড্ড রোমান্টিক ছিল।’
এরপর বন্ধুত্বপূর্ণ মেলামেশাকেও কেন প্রেমের চোখে দেখা হচ্ছে, সেই প্রশ্ন তুলে ওই ব্যবহারকারীকে আরও একহাত নেন আমিশা। তিনি লেখেন, ‘আমি আপনাকে চিনি না, তবে এটা নিশ্চিত যে বন্ধু হিসেবেও আপনার কোনো মেয়েবন্ধু নেই। এই ধরনের পোস্ট করার আগে এবার অন্তত একজন মেয়েকে বন্ধু বানানোর সময় এসেছে আপনার...।’
প্রসঙ্গত, বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন হার্দিক। এর আগে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। ২০২৫ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে মাহিকার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি।

-6a9d7fbd38d46.jpg)