|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানি সংগীতের জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১ বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। ২০২২ সালে কোক স্টুডিওতে প্রকাশিত আলী শেঠি ও শায়ি গিলের গানটি এই অর্জনের মাধ্যমে পাকিস্তানের প্রথম মিউজিক ভিডিও হিসেবে এমন রেকর্ড গড়েছে।
কোক স্টুডিওর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে এই সাফল্য উদযাপন করা হয় এবং শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
‘পাসুরি’ মুক্তি পায় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। প্রকাশের পরপরই গানটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। চার বছরের বেশি সময় ধরে ক্রমাগত জনপ্রিয়তা ধরে রাখার পর অবশেষে ইউটিউবে ১০০ কোটির ঘরে পৌঁছেছে গানটি।
স্ট্রিমিং প্ল্যাটফর্মেও ‘পাসুরি’র সাফল্য উল্লেখযোগ্য। স্পটিফাইয়ে গানটির স্ট্রিম সংখ্যা ৪০ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে, যা এটিকে সর্বাধিক শোনা পাকিস্তানি গানগুলোর তালিকায় অন্যতম করে রেখেছে।
২০২২ সালের গুগল ট্রেন্ডসেও গানটির জনপ্রিয়তার প্রতিফলন দেখা যায়। ওই বছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সার্চ হওয়া গানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল ‘পাসুরি’। পাশাপাশি গুগলের ‘হাম টু সার্চ’ ফিচারেও গানটি শীর্ষে জায়গা করে নেয়।
আন্তর্জাতিক দর্শকদের কাছে গানটির গ্রহণযোগ্যতাই এর সাফল্যের অন্যতম প্রধান কারণ। ‘পাসুরি’র ইউটিউব ভিউয়ের প্রায় ৯০ শতাংশ এসেছে পাকিস্তানের বাইরের দর্শকদের কাছ থেকে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গানটির ভিডিও দেখা হয়েছে। ফলে এটি পাকিস্তানি সংগীতকে বৈশ্বিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গানটির জনপ্রিয়তার প্রভাব আন্তর্জাতিক বিনোদনজগতেও দেখা গেছে। মার্ভেল স্টুডিওর সিরিজ ‘মিস মার্ভেল’-এ ‘পাসুরি’ ব্যবহারের মাধ্যমে গানটি আরও বড় আন্তর্জাতিক দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে যায়। পরবর্তীতে কোক স্টুডিও আফ্রিকা গানটির একটি আফ্রোবিটস সংস্করণও প্রকাশ করে। সেই সংস্করণে আলী শেঠির সঙ্গে কণ্ঠ ও সংগীতায়োজনে ছিলেন মারওয়ান মুসা ও রিকাডো ব্যাংকস।
সব মিলিয়ে ‘পাসুরি’র ১ বিলিয়ন ইউটিউব ভিউ পাকিস্তানি সংগীতের আন্তর্জাতিক জনপ্রিয়তার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

