দাম্পত্যে সুখী হওয়ার সিক্রেট ফাঁস করলেন শ্রেয়া ঘোষাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল বরাবরই বলে এসেছেন— কর্মজীবন এবং পরিবার সামলানোর ক্ষেত্রে সঙ্গীর সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য জীবন এবং কীভাবে তারা দুজনে মিলে সংসারের দায়িত্ব শেয়ার করে নেন, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ সংগীতশিল্পী। তার কথায় দাম্পত্য জীবনের সিক্রেট উঠে এসেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী শিলাদিত্যকে পাশে পেয়ে নিজেকে ‘ভাগ্যবতী’ বলে মনে করেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি বলেন, স্বামী সংসারের বেশ কিছু কাজ নিজের হাতেই সামলান। সবসময় তাকে বাড়িতে থাকতেই হবে— এমন কোনো প্রত্যাশাও নেই তার।
শ্রেয়া ঘোষাল বলেন, আমি ভাগ্য করে এ মানুষটাকে পেয়েছি। ও পুরো বাড়িটা সামলায়। নিজের মতো করে থাকতে ভালোবাসে বলে ও নিজেই নিজের থালাবাসন ধুয়ে নেয়, রান্নাঘর পরিষ্কার করে। আমি সেগুলো করে দিলে বরং ও রেগে যায়।
দুজনেরই ব্যস্ত কর্মজীবন। তাই সংসারের কাজও তারা শেয়ার করে নেন বলে জানান এ গায়িকা। কেউ-ই সবসময় বাড়িতে থাকার জন্য একে অপরের কাছে প্রত্যাশা করেন না। পেশাগত ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন এভাবেই সামলে নেন তারা।
শ্রেয়া বলেন, 'আমরা দুজনেই সারাদিন কঠিন পরিশ্রম করি। তাই সংসারের কাজও একসঙ্গে করি। ও কখনো বলেনি— তুমি বাড়িতে কেন নেই। অনেক সময়ে আমি মাসের পর মাস বাড়িতে থাকি না। আমাদের প্রেমের সময়ে থেকেই ও এ বিষয়টি এমনই ছিল। ও জানত, আমি ওর জন্য থাকব। ওর কোনো অহমিকা নেই, আমারও নেই। এ দিক থেকে আমরা দুজনেই একই রকম।'
এখন জীবনের কেন্দ্রে থাকে তাদের সন্তান। তা ছাড়া দুজনই শান্ত ধরনের মানুষ। শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়ের প্রথম পরিচয় স্কুলজীবনে। ছোট থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
উল্লেখ্য, ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে শ্রেয়ার পেশাদার গানের জগতে সাফল্যের সূচনা হয়। সেই সময়ে শিলাদিত্যও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়ে তুলছিলেন। ধীরে ধীরে বন্ধুত্ব বদলে যায় প্রেমের সম্পর্কে। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালে তাদের প্রথম সন্তান, পুত্র দেবযান আসে।

