Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা মাইকেল জে ফক্স

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা মাইকেল জে ফক্স

মর্যাদাপূর্ণ ‘বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেয়েছেন কানাডীয়-মার্কিন অভিনেতা মাইকেল জে ফক্স।

Advertisement

পারকিনসন্স রোগের সঙ্গে দীর্ঘ লড়াই এবং এই রোগ নিয়ে সচেতনতা তৈরিতে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেয়েছেন কানাডীয়-মার্কিন অভিনেতা মাইকেল জে ফক্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডস মঞ্চে ৬৫ বছর বয়সি এই অভিনেতাকে এই সম্মাননা জানানো হয়। 

টেলিভিশন একাডেমি জানিয়েছে, পারকিনসন্স রোগের গবেষণায় রূপান্তরমূলক অবদান এবং জনসচেতনতা তৈরির কাজের স্বীকৃতি স্বরূপ ফক্সকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 

মঞ্চে আসার আগে একটি ভিডিওর মাধ্যমে ফক্সের বর্ণাঢ্য অভিনয় জীবন ও পারকিনসন্স রোগের বিরুদ্ধে তার দীর্ঘ লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়। হুইলচেয়ারে করে মঞ্চে আসার পর দর্শকদের দাঁড়িয়ে দেওয়া অভিবাদনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। পুরস্কার গ্রহণ করে মাইকেল জে ফক্স আবেগী কণ্ঠে তার শৈশব ও প্রয়াত কমেডিয়ান বব হোপের জীবন থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা উল্লেখ করেন। 

তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমি এর জন্য কৃতজ্ঞ। আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তাতে আমি গর্বিত।’ 

রোগ লুকানো থেকে সচেতনতার প্রতীক হয়ে ওঠা 

মাত্র ২৯ বছর বয়সে ১৯৯১ সালে ‘ডক হলিউড’ সিনেমার কাজ করার সময় এই অভিনেতার শরীরে প্রথম পারকিনসন্স রোগের লক্ষণ দেখা দেয়। তবে ৭ বছর পর ১৯৯৮ সালে জনসমক্ষে তিনি তার এই রোগের কথা প্রথম প্রকাশ করেন। 

শুরুর দিকে বিষয়টি লুকিয়ে রাখলেও পরবর্তীতে বুঝতে পেরেছিলেন যে, রোগ মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়। কিন্তু রোগের কারণে কথা বলতে এবং লাইন মুখস্থ করতে সমস্যা হওয়ায় ২০২০ সালে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন তিনি। 

তবে এর আগেই ২০০০ সালে তিনি ‘মাইকেল জে ফক্স ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা পারকিনসন্স রোগের গবেষণার জন্য তহবিল সংগ্রহ করে থাকে। পাঁচবারের এমি বিজয়ী এই অভিনেতা অবসরের সিদ্ধান্ত ভেঙে ২০২৫ সালে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘শ্রিংকিং’-এ অভিনয় করেন এবং চলতি বছর তার ১৯তম এমি মনোনয়ন অর্জন করেন। 

উল্লেখ্য, বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড মূলত টেলিভিশন ইন্ডাস্ট্রির এমন কোনো বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়, যার জনহিতকর কাজগুলো কমেডিয়ান বব হোপের সমাজসেবামূলক আদর্শের সঙ্গে মিলে যায়। ২০০২ সালে প্রবর্তিত এই পুরস্কার এর আগে অপরাহ উইনফ্রে, জর্জ ক্লুনি এবং শন পেনের মতো বিশ্বখ্যাত তারকারা পেয়েছেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম