২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে নাড়া দিয়েছিল। দেখতে দেখতে কেটে গেছে ২৮ বছর। এবার সেই মধুর স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরতে আবারও নির্মিত করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি। এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ— রাদিফা ও আরিয়ান। আবারও নতুন এ সিনেমা ও নতুন মুখ নিয়ে বেশ আশাবাদী নির্মাতা। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির মূল গল্প অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান।
সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুরে এর কালজয়ী গান ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল । সেই ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো আজও শ্রোতাদের স্মৃতিতে অম্লান।
সেই আবহ বজায় রাখতে পুরোনো ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গানের রিমেক করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায়। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের রুজি-পছন্দ মিলিয়ে যুক্ত করা হয়েছে একদম নতুন দুটি গান।
১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মূল আকর্ষণ ছিল নতুন দুই মুখ ফেরদৌস আহমেদ ও প্রিয়াংকা ত্রিবেদী। তাদের রসায়ন ও অভিনয়ের মুগ্ধতা আজও সিনেপ্রেমী দর্শকদের মনে গেঁথে আছে। ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যেই হয়তো এবারও কেন্দ্রীয় দুই মূল চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নতুন মুখ আরিয়ান ও রাদিফাকে।
‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় এবার ফেরদৌস আহমেদের জায়গায় অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াংকা ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন রাদিফা। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় রুপালি পর্দায় আসছে এই নতুন জুটি।
এ সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।

