১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে ‘ট্র্যাজেডি পিলখানায়’ গানটি।
|
ফলো করুন |
|
|---|---|
২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে ‘ট্র্যাজেডি পিলখানায়’ গানটি। দীর্ঘ ১৭ বছর পর নতুন সংগীতায়োজনে আবারও প্রকাশিত হচ্ছে গানটি। এবারের সংস্করণে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘নতুন কুঁড়ি’র আধুনিক গানে বিজয়ী শিশু শিল্পী রোদসী নূর সিদ্দিকী। মূল গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন শিশু শিল্পী সাবরিনা পড়শী।
গানটির কথা লিখেছেন রাজীব আহমেদ এবং মূল সুর করেছিলেন পল্লব স্যানাল। নতুন সংস্করণের সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এ সংস্করণে আবৃত্তির অংশটি পাঠ করেছেন গীতিকার রাজীব আহমেদ নিজেই। মূল গানটিতে আবৃত্তি করেছিলেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।
২০০৯ সালে গানটি প্রকাশের সময় পড়শী ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কাকতালীয়ভাবে নতুন সংস্করণে কণ্ঠ দেওয়া রোদসীও একই শ্রেণিতে পড়ে। তবে গানটির নতুন আয়োজনের পেছনে রয়েছে পিলখানা ট্র্যাজেডির স্মৃতি, শোক ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দীর্ঘ ইতিহাস।
গীতিকার রাজীব আহমেদ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের দাফন সম্পন্ন হওয়ার দিনই গানটির মূল ভাবনা তার মাথায় আসে। গানটি তৈরির জন্য একজন শিশু শিল্পী ও একজন আবৃত্তিশিল্পীর প্রয়োজন ছিল। সে সময় তিনি চ্যানেল আইয়ের কালচারাল রিপোর্টার হিসেবে কাজ করতেন। ‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠান কাভার করার সুবাদে পড়শীর মায়ের সঙ্গে তার পরিচয় ছিল। সেই সূত্রেই গানটির জন্য পড়শীকে নির্বাচন করেন তিনি।
রাজীব আহমেদের ভাষ্য অনুযায়ী, শিশু শিল্পী হিসেবে পড়শীকে তার পছন্দ হয়েছিল। অন্যদিকে, আসিফ আকবরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন পড়শী ও তার মা। গানটিতে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়েই পড়শীর পেশাদার সংগীতজীবনের শুরু হয়।
দীর্ঘদিন পর গানটি নতুন করে প্রকাশের উদ্যোগ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ট্র্যাজেডি পিলখানায়’ একটি মাইলফলক গান। ২০০৯ সালে পিলখানায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা শহীদ হন। তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশের উদ্দেশ্যেই গানটি তৈরি করা হয়েছিল।
নতুন সংস্করণে যুক্ত হতে পেরে আনন্দিত রোদসী নূর সিদ্দিকীও। এ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সে জানায়, তার নামটি আসিফ আকবরের কাছে প্রস্তাব করার জন্য ইথুন বাবু স্যারের প্রতি এবং তাকে গানটির সঙ্গে যুক্ত করার জন্য আসিফ আকবর স্যারের প্রতি সে কৃতজ্ঞ।
নতুন সংগীতায়োজনে গানটি আবারও শ্রোতাদের সামনে আসার মধ্য দিয়ে পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের স্মৃতি ও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

