প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
প্রখ্যাত ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ।
|
ফলো করুন |
|
|---|---|
দিল্লিতে শিক্ষার্থীদের আটক ও তিরঙ্গা মিছিলের ওপর বিধিনিষেধ আরোপের সমালোচনা করেছেন বলিউড অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণ না করা পর্যন্ত দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধেও আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রকাশ রাজ।
সম্প্রতি ভারতের তিরুবনন্তপুরমের মানবীয়ম বীথিতে (কেরালা) জ্ঞানেশ কুমার ও এসআইআরের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ।
সভা শুরুর আগে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশ আয়োজকদের বাধা দিয়েছে। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে পরে সভা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এ প্রসঙ্গে প্রকাশ রাজ বলেন, আন্দোলন দমনের চেষ্টা সত্ত্বেও দেশের তরুণরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন। মহাত্মা গান্ধী, বিআর আম্বেদকর ও ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা এ লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘আমাদের শরীরে গান্ধীর রক্ত আছে, আম্বেদকরের রক্ত আছে, ভগৎ সিংয়ের রক্ত আছে। আমরা লড়াই চালিয়ে যাব, সারা দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব।’
আপনাদের স্বৈরাচারী আচরণ করেও পার পেয়ে যাওয়ার ধারণা আমরা ভুল প্রমাণ করব। প্রতিবাদে বাধা দেওয়া এবং আন্দোলনকারীদের আটক করার বিষয়েও নির্বাচন কমিশনকে প্রশ্ন করে এ অভিনেতা বলেন, ‘আমরা প্রশ্ন করছি— জ্ঞানেশ কুমার, আপনারা আমাদের থামাচ্ছেন কেন? আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন? বেআইনিভাবে আটক করছেন কেন? এ থেকেই বোঝা যায়, কোথাও কিছু একটা ভুল হচ্ছে।’
প্রকাশ রাজ আরও বলেন, ভয়টা স্পষ্ট। আমি মোদিজিকে প্রশ্ন করছি— আপনার 'ঘরে ঘরে তিরঙ্গা' স্লোগানের কী হলো? আপনিই তো এই স্লোগান শুরু করেছিলেন। এখন শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে যাওয়ায় শিক্ষার্থী ও তরুণদের গ্রেফতার করছেন কেন?
প্রতিবাদকারীরা নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন উল্লেখ করে প্রকাশ রাজ আরও বলেন, এটি তাদের সাংবিধানিক অধিকার। দেশজুড়ে গণতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত থাকবে।

