আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম
চিত্রনায়ক ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে সংগীতশিল্পীর সেই বিক্ষত গাড়ি ও আসিফের ছবি যুক্ত করে একটি পোস্ট দেন ওমর সানি।
ওই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এ ঘটনায় হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।
তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি রীতিমতো আতঙ্ক তৈরি করেছে শোবিজ অঙ্গনে। আসিফ আকবরের ভক্তরাও এমন ঘটনায় উদ্বেগে রয়েছেন।

