ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান, গাইবেন বিনা পারিশ্রমিকে
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
রাহাত ফতেহ আলী খান/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের কনসার্ট সিনে পদচারণা বেড়েছে পাকিস্তানি সংগীতশিল্পীদের। সাম্প্রতিক সময়ে ঢাকায় পারফর্ম করেছেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আতিফ আসলাম। এছাড়া দেশটির জনপ্রিয় ব্যান্ড ‘জাল’-কেও ঢাকায় দেখা গেছে। সামনে ঢাকায় পারফর্ম করার কথা রয়েছে কাভিশ-এর। তাদের পথ ধরে ঢাকায় সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে আসছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান।
আগামী ২১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গাইতে দেখা যাবে তাকে। কনসার্ট থেকে আয়কৃত অর্থ যাবে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই।’
কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তার সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফরম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।’
এ ছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশিয় ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপার সেজান এবং হান্নানও গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করার বিষয়ে সংস্থাটির সঙ্গে গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
