জন্মাষ্টমী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী
এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী অনুষ্ঠানে ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এই দেশ আপনাদের-আমাদের সবার। এখানে ধর্মীয় ভেদাভেদ বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা বর্তমান সরকার চায় না। কোনো অবস্থাতেই ধর্মীয় কোনো বিভাজন আমরা নিজেরা বিশ্বাস করি না এবং কাউকে করতেও দেব না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম সবকিছুই নির্বিঘ্নে, নির্ভয়ে নিজের দেশ হিসেবে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির যে বাংলাদেশ, আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে চাই। এখানে কোনো হিংসা-বিদ্বেষ, কোনো ধরনের জোর-জুলুম কোনো অবস্থাতেই কাজ করবে না।
তিনি বলেন, এখানে সবাই যার যার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও ধর্মীয় উৎসব পালন করবেন। কেউ কাউকে বিঘ্ন সৃষ্টি করবেন না। সবাই একসঙ্গে মিলে আমরা শত বছর ধরে আছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বাংলাদেশের কল্যাণের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব।
এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
