দীর্ঘদিন পর রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল শুরু
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:৪২ পিএম
দীর্ঘদিন পর রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাব্যতা সংকটের কারণে বন্ধ থাকার প্রায় ৬ মাস পর আবারও চালু হলো রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ফলে এ অঞ্চলের মানুষের নদী পারাপারে দুর্ভোগ কমল।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় এই নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।
ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আজ (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় রৌমারী থেকে ফেরি কদমের পাইলট মো. নূর আবেদিন চিলমারীর উদ্দেশে রওনা দেন। পরবর্তীতে কুঞ্জলতা ফেরিও এই নৌরুটে যুক্ত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়। কিন্তু চালুর পর প্রায় তিন বছরের মধ্যেই নাব্যতা সংকটের কারণে কয়েকবার ফেরি চলাচল বন্ধ হয়। সর্বশেষ ২০২৫ সালে ১৯ নভেম্বর থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
রৌমারী উপজেলার ট্রাকচালক আনছার আলী বলেন, ফেরি চালু হওয়ায় আমাদের সময় ও টাকা বাঁচবে।
স্থানীয় আয়নাল হক বলেন, ফেরি চালু হওয়ায় ভালো হলো, এখন সামনে ঈদে মানুষ নিশ্চিতায় বাড়ি ফিরতে পারবে।
চিলমারীর নৌ-বন্দর এলাকার হামিদুল ইসলাম বলেন, কয়েক মাস ফেরি বন্ধ থাকার পর আবার চালু হলো। আমরা চাই সারা মাস যেন ফেরি চালু থাকে। এতে করে মানুষের ভোগান্তি কমবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ জানান, রৌমারী ঘাট থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে চিলমারী নৌ-বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। কুঞ্জলতা ফেরির একটু কাজ বাকি আছে, এটি আগামী সপ্তাহে যুক্ত হবে।

