কপাল পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার
Advertisement
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনজনিত সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিমেল সরকারের বিরুদ্ধে ক্রমাগত দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে তাকে সংগঠনের সদস্য সচিব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সর্বসম্মতিতে উক্ত বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দলীয় সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে হিমেল সরকারের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কোনো নির্দিষ্ট ঘটনা বা ঘটনার সময়কাল উল্লেখ করা হয়নি। তবে সেখানে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণকে বহিষ্কারের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে হিমেল সরকারের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়, তিনি দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পিতা মৃত জালাল উদ্দিন। তার স্থায়ী ঠিকানা দুর্গাপুর উপজেলার ৩নং চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে।
বহিষ্কারাদেশের নথিতে সংগঠনের পক্ষ থেকে মীর্জা সালমান আরসাদ নজরুল, রাকিব হাসান, মো. রতন ও সুমন মণ্ডল স্বাক্ষর করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা অভিযোগগুলোর বিষয়ে হিমেল সরকারের কোনো বক্তব্য বা ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

