ডেপুটি স্পিকার
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও বজ্রপাতে নিহতদের পরিবারের সদস্যসহ শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
|
ফলো করুন |
|
|---|---|
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজি করা হলে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি বড় প্রকল্প। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এ প্রকল্পে যেন কেউ অনিয়ম করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
নেত্রকোনার কলমাকান্দার উপজেলা হল রুমে রোববার বিকাল ৩টায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারা বাংলাদেশে যখন ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়, তখন কলমাকান্দাকে এ কার্যক্রমের জন্য রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী কলমাকান্দাকে পছন্দ করলেও যারা তালিকা করেছেন, তারা বিষয়টি সঠিকভাবে দেখেননি। তাদের সততার অভাবেই সঠিকভাবে তালিকা করা হয়নি। যাদের ঘর নেই, যারা ছাপড়া ঘরে থাকেন, তাদের দিয়ে আগে কার্যক্রম শুরু করতে হবে। কিন্তু তথ্য সংগ্রহকারীরা যাদের ঘর আছে, বসার সুযোগ আছে, তাদের বাড়িতে গিয়ে চা-নাশতা খেয়ে তাদের নাম আগে তালিকাভুক্ত করেছেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনারা কেউ স্বজনপ্রীতি করবেন না। কেউ অনিয়ম করলে তাকে রেহাই দেওয়া হবে না। বিগত দিনে আমাদের দলের অর্থাৎ বিএনপির কেউ এ সুবিধা পায়নি। কারও নাম তালিকায় থাকলেও টাকা নিয়েছেন অন্যরা। কেউ চাঁদাবাজি করলে দয়া করে দল থেকে চলে যান। কাউকে রেহাই দেওয়া হবে না। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নিয়ে কেউ চাঁদাবাজি করবেন না। কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হবে। কেউ অনিয়ম করলে ইউএনও সাহেবকে জানাবেন, আমাকে সরাসরি জানাবেন। ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যুগ যুগ ধরে দেখেছি, তাদের মধ্যে অপরাধের প্রবণতা খুব কম। তাই তাদের জন্য কিছু করতে আমি প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছি। তাদের পানীয় জলের সমস্যা, পথঘাট ও পড়াশোনাসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট রয়েছে। আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। তাই তাদের তালিকা তৈরিতে যেন কেউ অনিয়ম না করে। অনিয়ম করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আমার যে মহৎ উদ্দেশ্য রয়েছে, তাতে যেন কেউ অনিয়ম না করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও বজ্রপাতে নিহতদের পরিবারের সদস্যসহ শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
