ডেপুটি স্পিকারের অটোগ্রাফ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
Advertisement
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
ডেপুটি স্পিকারের অটোগ্রাফ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের অটোগ্রাফ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শনে যান ডেপুটি স্পিকার।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের পড়াশোনা, উপস্থিতি ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
ডেপুটি স্পিকারকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এ সময় শিক্ষার্থীরা তার কাছে অটোগ্রাফ চাইলে তিনি তাদের অটোগ্রাফ দেন। অটোগ্রাফ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তার সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করে।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়েও তিনি খোঁজখবর নেন।
এ সময় তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা চালানোর ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের জন্য বড় আকারের সোলার প্যানেল দেওয়ার ঘোষণা দেন। তার এ ঘোষণায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা করতালি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবীর ও কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম প্রমুখ।
