দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ
Advertisement
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যদের অবহিত করেন।
খবর পেয়ে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সীমান্তে সতর্ক অবস্থান নেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা ও প্রতিরোধ সৃষ্টি করা হলে বিএসএফ সদস্যরা পিছু হটেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
ঘটনার পর সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে।

