Logo
Logo
×
   

লাইফ স্টাইল

সন্ধ্যার পর খাবার নয়, ফিট থাকতে নিয়মিত বক্সিং করেন ডুয়া লিপা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

সন্ধ্যার পর খাবার নয়, ফিট থাকতে নিয়মিত বক্সিং করেন ডুয়া লিপা

ডুয়া লিপা। ফাইল ছবি

গ্র্যামিজয়ী পপ তারকা ডুয়া লিপা মঞ্চে একের পর এক জমকালো পরিবেশনা, কঠিন কোরিওগ্রাফি ও দীর্ঘ সফরের ব্যস্ততা সামলেও নিজেকে ফিট রাখেন। সুঠাম শরীর ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে তার ভরসা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম। 

২২ আগস্ট ২০২৬ নিজের ৩১তম জন্মদিন উদযাপন করছেন এই ব্রিটিশ গায়িকা। তার ফিটনেস রুটিনে রয়েছে- নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া থেকে শুরু করে হাই-ইনটেনসিটি ব্যায়াম, বক্সিং, যোগব্যায়াম ও পিলাটেস।

সন্ধ্যা ৬টার পর খাবার নয়

ব্যস্ত সফরসূচির মধ্যেও শরীরকে সক্রিয় রাখতে খাবারের বিষয়ে সচেতন ডুয়া। কঠোর ডায়েটের পরিবর্তে সাধারণত পুষ্টিকর ও প্রাকৃতিক খাবারের দিকে মনোযোগ দেন তিনি। একই সঙ্গে খাবার খাওয়ার সময় নিয়েও রয়েছে তার নির্দিষ্ট নিয়ম।

২০২২ সালে ‘অ্যাট ইয়োর সার্ভিস’ পডকাস্টে তিনি জানিয়েছিলেন, সন্ধ্যা ৬টার পর আর খাবার খান না এবং এরপর উপবাস করেন। তার মতে, এই অভ্যাস ত্বকের জন্যও উপকারী। রাতে দেরিতে খাবার খেলে শরীর তা প্রক্রিয়াজাত করতে বেশি সময় নেয় এবং এতে শরীরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ে বলে মনে করেন তিনি।

তবে এ ধরনের উপবাস বা খাবারের সময়সূচি সবার জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। ব্যক্তির স্বাস্থ্য, বয়স ও দৈনন্দিন কর্মকাণ্ড অনুযায়ী খাবারের পরিকল্পনা করা প্রয়োজন।

সকালে দ্রুত ব্যায়াম

ব্যস্ত সফরসূচির কারণে সব সময় জিমে যাওয়ার সুযোগ পান না ডুয়া। তাই দিনের শুরুতেই অল্প সময়ে বেশি কার্যকর ব্যায়াম করার চেষ্টা করেন তিনি।

২০১৮ সালে ‘ভিভা’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুয়া জানিয়েছিলেন, সকালে ১৫ মিনিটের ‘হাই-ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং’ করতে তার ভালো লাগে। প্ল্যাঙ্কও তার ব্যায়ামের তালিকায় থাকলেও এটি তার খুব পছন্দের নয়।

সফরের সময়ও ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রশিক্ষক এল্লা জেনকিনের সকাল সাড়ে ৮টার ‘স্কাল্পট বাই এল্লা’ জুম ক্লাসে অংশ নেন। প্রয়োজনে ব্যায়ামে উৎসাহ ধরে রাখতে ঘনিষ্ঠ বন্ধু বানির সাহায্যও নেন।

একঘেয়েমি কাটাতে নানা ধরনের ব্যায়াম

একই ধরনের ব্যায়াম দীর্ঘদিন করতে পছন্দ করেন না ডুয়া। বিভিন্ন শহরে সফরের সময় স্থানীয় সুযোগ অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের শরীরচর্চা করেন তিনি। যোগব্যায়াম, পিলাটেস, বক্সিং কিংবা স্পিনিং—বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সমন্বয় করতে তার ভালো লাগে বলে জানান তিনি।

এর মধ্যে বক্সিং তার অন্যতম পছন্দের ব্যায়াম। শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক চাপ কমাতেও বক্সিংকে কাজে লাগান তিনি।

‘বিউটি ক্রু’-কে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে ‘কসমোপলিটন’ জানায়, আন্তর্জাতিক খ্যাতির কারণে তৈরি হওয়া চাপ সামলাতে বক্সিং তাকে সাহায্য করে। ডুয়ার মতে, এটি পুরো শরীরের ব্যায়াম এবং মানসিক চাপ কমানোরও ভালো উপায়। বক্সিং শুরু করার পর নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো শারীরিক অবস্থায় মনে হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

নিয়মিত উপবাস, সকালের উচ্চমাত্রার ব্যায়াম এবং বক্সিং, যোগব্যায়াম ও পিলাটেসের মতো বিভিন্ন ধরনের শরীরচর্চার সমন্বয়ে নিজের ফিটনেস রুটিন তৈরি করেছেন ডুয়া লিপা। তার এই জীবনযাপন শুধু মঞ্চে দীর্ঘ সময় পারফর্ম করার সক্ষমতা ধরে রাখতেই নয়, ব্যস্ততার মধ্যেও শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম