রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর হাজির হন তারা। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হবে।
দুই আইনজীবী হলেন— হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী।
গত ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করে প্রসিকিউশন। পরে দুজনকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
প্রসিকিউশন জানায়, ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে আলাদা আলাদা পোস্ট করেন আইনজীবী তুষার ও হাসান। তাদের পোস্টটি নজরে আসে ট্রাইব্যুনালের। এর পরিপ্রেক্ষিতে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
এদিকে, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার প্রতিবাদে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন আওয়ামীপন্থি আইনজীবীরা।


