মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭০০ ইয়াবাসহ গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল।
সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সোমবার সূত্রাপুর থানায় মামলা করেছেন। গ্রেফতার রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘরে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


