বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
|
ফলো করুন |
|
|---|---|
আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-০১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরাম উপজেলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় উপস্থিত হয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
পরে দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন এবং দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে উপস্থিত হবেন। সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
একই দিনে বিকাল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
নির্ধারিত কর্মসূচিগুলো শেষে বিকেল সাড়ে ৫টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং রাত ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
