বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে গত ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেতা বাচ্চু।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার ওই বেসরকারি হাসপাতালে যান রাশেদ খাঁন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তার রাজনৈতিক সহকারীকে বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে পাঠান বলে জানা গেছে।
হাসপাতালে রাশেদ খাঁন সাইদুর রহমান বাচ্চুর স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি অসুস্থ বিএনপি নেতার পাশে কিছু সময় কাটানোর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাচ্চুর হাতে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন। শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হাসপাতালে আসায় সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
