ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকালে লাঠিসোঁটা হাতে চড়াও এক পক্ষ। রোববার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় -রফিকুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এ কারণে কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাব দিয়ে ঢাকা কলেজের একটি বাস যাওয়ার সময় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি লক্ষ্য করে ইট ছুড়েছেন-এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে যান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হন।
গ্রিন রোডের রিকশাচালক মো. আলী বলেন, দুপুরের দিকে গ্রিন রোডের মাথায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ডিএমপি নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী জানান, ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। গত বছর অন্তত ১৫ বার সংঘর্ষে জড়িয়েছিলেন তারা।
সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা আর মারামারি করবেন না-এই মর্মে গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় মৌখিক ‘শান্তি চুক্তি’ হয়েছিল। সেদিন শিক্ষার্থীরা ‘ভাই ভাই’ স্লোগানও দিয়েছিলেন। কিন্তু সেই ভাই ভাইরা রোববার আবার মারামারিতে জড়ালেন।
