সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ। এক মৌসুম আগে মোহামেডান বাংলাদেশের ফুটবল লিগের মুকুট মাথায় তুলেছিল, পরের মৌসুমেই সেই মুকুট ছিটকে গেছে অনেক দূরে। পঞ্চম স্থানে। এবার তাই ফেরার অপেক্ষা। পুরোনো মোহামেডানকে নতুন করে সাজানোর চিন্তা। নতুন চরিত্র স্প্যানিশ কোচ ফের্নান্দো সান্তিয়াগো ভারেলা।
দলে বিদেশি ইমানুয়েল সানডে, আগবাজি, সুলেমান দিয়াবাতের পাশাপাশি আছেন জাতীয় দলের ছয় খেলোয়াড়। দলবদলে আগেই নিজেদের অবস্থানের জানান দিয়েছে মোহামেডান। এবার কোচের মঞ্চে উঠে প্রথম বাক্যেই ভারেলা বুঝিয়ে দিলেন তার লক্ষ্যটা কী, ‘চ্যাম্পিয়ন হতেই এসেছি।’ রোববার পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে উয়েফা প্রো-লাইসেন্সধারী এই কোচ বললেন, ‘আমি প্রতিযোগিতামূলক মনের মানুষ। চাই খেলোয়াড়রা অনুশীলনে, মাঠে এবং প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব রাখুক। যে প্রতিযোগিতাতেই খেলি না কেন, তাতে জেতাই লক্ষ্য। চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’ ভারেলার বাংলাদেশে আসার ইতিহাস একটু অন্যরকম। ২০১৮ সাল থেকে ভারতে কাজ করছেন। দেশটির সর্বোচ্চ স্তরের লিগে কেরালা এফসি ও ব্রাদার্স এফসির কোচ ছিলেন। ২০২৪ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও তখন চুক্তি আর এগোয়নি। এবার মোহামেডানের ডাক এলে আর না বলতে পারেননি। অতীতের কথা ঘাঁটতে চান না তিনি। সামনে তাকিয়েই পথ চলতে চান।
বড় নাম দেখে কাউকে আগাম একাদশে জায়গা দিতে নারাজ ভারেলা। তার ফুটবলে জায়গা পেতে হলে প্রতিটি অনুশীলনে লড়তে হবে। ‘আগামী ম্যাচে কে খেলবে বা কে পুরোপুরি প্রস্তুত, তা গত কয়েক সপ্তাহের পারফরম্যান্স দেখে যাচাই করব। প্রত্যেকে নিজেদের পজিশনের জন্য লড়বে। এটাই সঠিক পথ।’ সমর্থকদের উদ্দেশে ভারেলার কণ্ঠে আরও প্রত্যয়, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন, এমন একটি খেলার ধরন উপহার দেব, যা দেখে আনন্দ পাবেন, উপভোগ করবেন। আর অবশ্যই শিরোপার জন্য লড়ব।’ ক্লাবের সভাপতি বরকত উল্লাহ বুলুও স্বপ্ন দেখছেন পুরোনো মোহামেডান ফেরানোর, ‘চেষ্টা করেছি মোহামেডান ক্লাবের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে। দেশের সব ক্লাবের মধ্যে সর্বোচ্চ বাজেটের দল গড়েছি। উন্নত মানের কোচ এনেছি। আশা করি তার হাত ধরে মোহামেডান চ্যাম্পিয়ন হবে।’
ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার স্বপ্ন আরও বড়, ‘আবার সেই ৭০-৮০ দশকের মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।’ কিন্তু মাঠের গল্প এখনো শুরু হয়নি। লিগের প্রথম রাউন্ডে ম্যাচ ছিল না মোহামেডানের। অনুশীলন শুরু হয়েছে শনিবার থেকে। ভারেলা দূর থেকে তদারকি করেছেন, গোলকিপিং কোচ সাইদ হাসান কাননের অধীনে হয়েছে প্রাথমিক সেশন। আজ থেকে নতুন কোচের অধীনে শুরু হবে আসল অধ্যায়। নিজস্ব মাঠ নেই। ধানমন্ডি মাঠ আর মোস্তফা কামালের টার্ফই আপাতত ঠিকানা। ঠিকানা যা-ই হোক, লক্ষ্যটা স্পষ্ট। সাদা-কালোর মুকুট ফিরিয়ে আনা।
