Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

রেডিয়েশন থেরাপি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম

রেডিয়েশন থেরাপি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন ও হরমোন থেরাপি নেওয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার বাইডেনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বাইডেনের মুখপাত্র বলেন, প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে (সাবেক) প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি এবং হরমোন চিকিৎসা নিচ্ছেন।

আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যান্সার হলো পুরুষদের মধ্যে সবচেয়ে প্রচলিত ক্যান্সার।

গত মে মাসে বাইডেনের ক্যানসার হওয়ার কথা প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। তখন ৮২ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে।

ক্যানসার শনাক্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জো বাইডেন লেখেন, ‘ক্যানসার আমাদের সবাইকে স্পর্শ করে। আপনাদের অনেকের মতো, জিল ও আমিও এই বিষয়টি বুঝতে শিখেছি যে ভঙ্গুর অবস্থায় আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হই। ভালোবাস ও সমর্থন নিয়ে আমাদের পাশে থাকায় আপনাদের ধন্যবাদ।’

বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যানসারে মারা গিয়েছিলেন।

প্রোস্টেট ক্যান্সারের আগ্রাসী আচরণ নির্ধারণ করা হয় ‘গ্লিসন স্কোর’ নামের একটি পদ্ধতিতে। এই স্কোর ৬ থেকে ১০ পর্যন্ত হয়; এর মধ্যে ৮, ৯ ও ১০ স্কোরযুক্ত ক্যান্সারগুলো সাধারণত বেশি আগ্রাসীভাবে আচরণ করে।

বাইডেনের দপ্তর জানিয়েছে, তার গ্লিসন স্কোর ৯, যা ইঙ্গিত দেয় যে তার প্রোস্টেট ক্যান্সারটি অত্যন্ত আগ্রাসী প্রকৃতির। তবে রোগটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ এটি হরমোনভিত্তিক চিকিৎসায় ভালো সাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাইডেন আগামী মাসে ৮৩ বছর পূর্ণ করবেন। গত সেপ্টেম্বরে একটি মোহস সার্জারি করিয়েছিলেন তিনি। এই সার্জারির মাধ্যমে তার মাথার তালুর ত্বকে থাকা ক্যান্সারযুক্ত কোষগুলো সরানো হয়েছিল। মোহস সার্জারি এমন একটি সূক্ষ্ম পদ্ধতি যা ক্যান্সারযুক্ত অংশ সরিয়ে যতটা সম্ভব স্বাভাবিক টিস্যু রক্ষা করে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম