Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

জেসমিন আরা ফেরদৌস

জেসমিন আরা ফেরদৌস

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের দৌড়ে এগিয়ে গেছেন ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আর এর মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হলো ইসরাইলে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আইজেনকটকে নিজের সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট। আজ রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিক এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নির্ধারণে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ।

আলোচনায় আরব নেতৃত্বাধীন দলগুলোসহ মোট ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানান মাত্র ৪৬ জন আইনপ্রণেতা।

সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। ১২০ সদস্যের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে অন্তত ৬১ জনের সমর্থন নিয়ে জোট সরকার গঠন করতে হবে তাকে। সরকার গঠনের জন্য এটিই ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা।

নির্বাচনে কার কত আসন

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। ফলে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি।

এবারের নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

তবে আইজেনকট স্পষ্ট জানিয়েছেন, আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে সরকার গঠন করবেন না তিনি। তাদের সমর্থন নিয়ে জোট গঠন করলে তার পক্ষে ৬৭টি আসন পাওয়া সম্ভব হতো।

অন্যদিকে অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে আইজেনকটের আসনসংখ্যা ঠিক ৬১-তে পৌঁছাবে।


এ ছাড়া পার্লামেন্টে আস্থা ভোটে প্রয়োজনীয় সমর্থন পেলে ৬১ আসনের কম নিয়েও সরকার গঠন করা সম্ভব।

আল জাজিরার রামাল্লা প্রতিনিধি নূর ওদেহ বলেন, আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি ছিল প্রত্যাশিত। কারণ, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় সরকার গঠনের পক্ষে সবচেয়ে বেশি আইনপ্রণেতার সমর্থন পেয়েছিলেন তিনিই।

নূর ওদেহ বলেন, ‘এখন আইজেনকটের জন্য কঠিন কাজ শুরু হবে। তাকে এমন একটি সরকার গঠন করতে হবে, যা একদিকে নির্বাচনি প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে খুব বেশি আপস করবে না, অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোটের বিরোধিতা মোকাবিলা করে পার্লামেন্টে আস্থা ভোটে টিকে থাকতে পারবে।’

আইজেনকট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজনকে দায়িত্ব দেবেন। দ্বিতীয় মনোনীত ব্যক্তিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে তৃতীয় একজন প্রার্থীকে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে। তিনি শেষবারের মতো ১৪ দিন সময় পাবেন।

এরপরও সরকার গঠন সম্ভব না হলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা হবে। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

নেতানিয়াহুকে সরাতে একজোট বিরোধীরা

আইজেনকট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান ছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

শনিবার প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিষয়ে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ নেতা আহমেদ তিবি বলেন, হারজগের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।

তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছিলাম, প্রেসিডেন্ট হয়তো জাতীয় ঐক্যের সরকার গঠনের পথে এগোবেন।’

এ ক্ষেত্রে আইজেনকট ও নেতানিয়াহুর মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটি সম্ভাব্য চুক্তির কথা উল্লেখ করেন তিনি।

তিবি বলেন, শেষ পর্যন্ত আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানানোয় তিনি যথেষ্ট ব্যবধানে এগিয়ে গেছেন।


তিবির ধারণা, আইজেনকট আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন।

তিনি বলেন, এমন সরকার আরব নেতৃত্বাধীন দলগুলোর কাছে ‘স্বপ্নের সরকার’ হবে না। তবে তাদের কাছে নেতানিয়াহু, ইতেমার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরানোই বেশি গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্টের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে বিরোধী জোট সরকার গঠন করলে ইসরাইলের পতন ঘটবে।

আগে থেকে ধারণকৃত এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এমন সরকার ভেতর থেকেই ইসরাইল রাষ্ট্রকে ভেঙে ফেলবে। ইউরোপের কয়েকটি দেশে যা ঘটছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।’

ইউরোপের কিছু অংশে ইসলামি আইন চালু হয়ে গেছে—এমন মিথ্যা দাবি করে আসা উগ্র ডানপন্থি রাজনীতিকদের বক্তব্যের সঙ্গে নেতানিয়াহুর এ বক্তব্যের মিল রয়েছে।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় আহমেদ তিবি বলেন, ‘তিনি আমাদের সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে আখ্যায়িত করেছেন। আমার জবাব হলো, নেতানিয়াহুই ইসরাইল ও এ অঞ্চলের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক। বিশেষ করে পশ্চিম তীর ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি সন্ত্রাসবাদের ক্ষেত্রে তার ভূমিকা সবচেয়ে বেশি।’

আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ বলেন, আইজেনকট আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন। তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে উভয় পক্ষের মধ্যে যথেষ্ট জোরালো অভিন্ন স্বার্থ রয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির সম্ভাবনা নেই

নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নির্বাচনের আগে থেকেই ক্ষীণ ছিল। এমনকি পালাক্রমে দুজনের প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো ব্যবস্থাও এখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।

নির্বাচনি প্রচারণায় আইজেনকট কিছু বিষয়ে নমনীয় অবস্থানের সুযোগ রাখলেও নেতানিয়াহুর বিষয়ে তিনি ছিলেন অনড়। তার বক্তব্য ছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার সময় দেশের নিরাপত্তার চূড়ান্ত দায়িত্বে ছিলেন নেতানিয়াহু। তাই তার পক্ষে আর সরকারে থাকা উচিত নয়।

নির্বাচনের পর আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন নেতানিয়াহু। এতে তার বিরুদ্ধে বিরোধীদের অবস্থান আরও কঠোর হয়েছে।


এ ছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের একতরফা ফলাফলও নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিরোধী নেতারা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের কাছে ইসরাইলের ভাবমূর্তি এখন এতটাই খারাপ এবং নেতানিয়াহু এতটাই অজনপ্রিয় যে, নতুন প্রধানমন্ত্রী ছাড়া সেই সম্পর্ক মেরামত শুরু করাও সম্ভব নয়।

শুক্রবার আইজেনকট বলেন, ‘ইসরাইল ইতোমধ্যে একটি বিপজ্জনক কূটনৈতিক সংকটের মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু যদি ইসরাইলের নিরাপত্তাব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপর কর্তৃত্ব বজায় রাখেন, তবে তা বিপজ্জনক। এ পরিস্থিতি আর এক দিনও চলতে দেওয়া উচিত নয়।’

কেমন সরকার গঠন করতে পারেন আইজেনকট?

আইজেনকটের হাতে শুরুতে রয়েছে পার্লামেন্টের ৪৮ জন সদস্যের সমর্থন। এর মধ্যে তার নিজের মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টির ২১টি আসন রয়েছে।

এ ছাড়া নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের মধ্যপন্থি টুগেদার পার্টির ১২টি, ইয়ার গোলানের বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির আটটি এবং আভিগদর লিবারম্যানের ডানপন্থি হলেও ধর্মনিরপেক্ষ দল ইসরাইল বেইতেনুর (ইসরাইল আওয়ার হোম) সাতটি আসন রয়েছে।

এ সংখ্যা নেতানিয়াহুর জোটের চেয়ে বেশি। অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী করার পক্ষে সুপারিশ না করায় তার পক্ষে এখন মাত্র ৪৬ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে।

তবে আরও বড় জোট, এমনকি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আইজেনকটের সামনে দুটি পথ রয়েছে। একটি হলো অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতা করা, যাদের আসনসংখ্যা ১৩। অন্যটি হলো আরব দলগুলোর সমর্থন নেওয়া, যারা এবার রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

তবে বিরোধী দলের আইনপ্রণেতা, রাজনৈতিক কর্মী ও উপদেষ্টাদের মতে, উভয় পথেই বড় ধরনের জটিলতা রয়েছে। জোট গঠনের আলোচনা নিয়ে কথা বলতে গিয়ে তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্ত দিয়েছেন।

প্রথম কাজ, পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেওয়া

নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পার্লামেন্টের পরিস্থিতি ভিন্ন হতে পারে।

মঙ্গলবার নতুন আইনপ্রণেতারা শপথ নেবেন। এরই মধ্যে বর্তমান স্পিকার ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী আমির ওহানার পরিবর্তে নতুন স্পিকার নির্বাচনের ব্যবস্থা করছেন আইজেনকট।

তিনি সফল হলে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটির নিয়ন্ত্রণ তার মিত্রদের হাতে চলে যেতে পারে। একই সঙ্গে নেতানিয়াহুবিরোধী জোট নতুন আইন প্রণয়নের কাজও শুরু করতে পারবে। এতে নির্বাচনি প্রচারণায় দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি কাজ করার সক্ষমতাও দেখাতে পারবেন আইজেনকট।


রাজনৈতিক মহলের ধারণা, শুরুতেই নেতানিয়াহুর জোটের করা বিতর্কিত আইনগুলো বাতিলের উদ্যোগ নিতে পারে বিরোধীরা।

এর মধ্যে রয়েছে বিচার বিভাগে রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়ানোর সুযোগ তৈরি করা এবং অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমিয়ে দেওয়ার মতো বিতর্কিত বিচারিক সংস্কার।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৭ অক্টোবরের হামলার আগে ইসরাইলের নিরাপত্তাব্যবস্থায় যেসব ব্যর্থতা ছিল, তা তদন্তে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করা। বিরোধী নেতাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ছিল এটি।

আরব দল নিয়ে আপত্তি লিবারম্যানের

গত সপ্তাহে আইজেনকট ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের প্রয়োজনীয়তার কথা বলতে শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

ইসরাইল পলিসি ফোরামের জ্যেষ্ঠ গবেষক নিমরোদ নভিক বলেন, ‘জরুরি পরিস্থিতি হলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়, যা স্বাভাবিক সময়ে নেওয়া সম্ভব হতো না।’

তিনি ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী শিমন পেরেসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরব দলগুলোর ১৯টি আসন আইজেনকটকে পার্লামেন্টে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে। কিন্তু তাদের সরকারে অন্তর্ভুক্ত করলে অন্য মিত্রদের হারানোর ঝুঁকি রয়েছে।

আপাতত এ প্রশ্নের কোনো সমাধান নেই। তিনটি ছোট আরব দলের সমন্বয়ে গঠিত জয়েন্ট লিস্ট জোট, যারা ১১টি আসন পেয়েছে, ইতোমধ্যে সরকারে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে বাইরে থেকে সমর্থন দিয়ে সংখ্যালঘু সরকারকে টিকিয়ে রাখতে পারে তারা।

অন্যদিকে আটটি আসন পাওয়া ইউনাইটেড আরব লিস্ট বা রা'আম এখনো সরকারে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

তবে আইজেনকট শর্ত দিয়েছেন, তার সরকারে যোগ দিতে হলে প্রত্যেক দলকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে।


রা'আমের নেতা মনসুর আব্বাস এ শর্ত মানতে রাজি হননি। যদিও তিনি সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তবে বৃহস্পতিবার তিনি বলেছেন, হামাসসহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর নিরস্ত্রীকরণ হওয়া উচিত।

মনসুর আব্বাস আইজেনকটের শর্ত মেনে নিলেও জোট গঠনের পথে আরেকটি বড় বাধা আভিগদর লিবারম্যান। ইসরাইল বেইতেনু পার্টির এ নেতা বারবার বলেছেন, আরব দলগুলোকে নিয়ে সরকার গঠন করা কিংবা তাদের বাইরের সমর্থন নেওয়া—কোনোটিতেই তিনি রাজি নন।

ফলে আইজেনকটের সামনে এখন অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতার পথই বেশি খোলা রয়েছে।

নির্বাচনের ফল চ্যালেঞ্জ করবে লিকুদ পার্টি

নির্বাচনের পর থেকেই  নেতানিয়াহু ও বিদায়ী জোট সরকারের অন্য নেতারা অভিযোগ করে আসছেন, আরব দলগুলো নির্বাচনের ফল প্রভাবিত করেছে।

তাদের অভিযোগ, ভোটারদের ঘুষ দেওয়া, ভয়ভীতি দেখানো, জালিয়াতি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেওয়া হয়েছে।

লিকুদ পার্টির আইনজীবী ইলান বোমবাখ দ্য টাইমস অব ইসরাইলকে বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা লিকুদের পর্যবেক্ষকরা প্রায় ৭০০টি অভিযোগ জমা দিয়েছেন। এসব অভিযোগে বলা হয়েছে, আরব দলগুলোর কর্মীরা স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

তার দাবি, প্রতিটি অভিযোগের সঙ্গে শত শত থেকে হাজার হাজার ভোটের বিষয় জড়িত।

বোমবাখের অভিযোগ, নির্বাচনের মাত্র ১০ দিন আগে দেশটির হাইকোর্ট এ ধরনের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু আরব দলগুলো সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রযুক্তি ব্যবহার করায় তারা অন্যায্য সুবিধা পেয়েছে।

তবে নির্বাচনের পুরো ফল চ্যালেঞ্জ করা হবে, নাকি শুধু নির্দিষ্ট কিছু আসন বা ফলাফল নিয়ে আপিল করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


জেরুজালেম জেলা আদালতে এ আপিল করা হবে। তবে ১৭ নভেম্বরের আগে তা দাখিল হওয়ার সম্ভাবনা কম। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার জন্য ওই দিনই শেষ সময়।

এদিকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক পাঠানো সংগঠন ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণে অ্যাপ ব্যবহারের ৩৭৪টি সম্ভাব্য অনিয়ম তারা শনাক্ত করেছে।

তবে সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের অনিয়মে সবচেয়ে বেশি জড়িত ছিল লিকুদ পার্টির কর্মী ও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। মোট ঘটনার ৩২ শতাংশের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এ তালিকায় রয়েছে ইউনাইটেড তোরাহ জুডাইজমি ১০ শতাংশ, শাস পার্টি ৬ শতাংশ, রা'আম ২ শতাংশ এবং জয়েন্ট লিস্ট ১ শতাংশ।

নির্বাচনের ১০ দিন আগে হাইকোর্ট এ ধরনের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে লিকুদ পার্টির মন্ত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

বিশেষ করে লিকুদ ও কট্টর অর্থোডক্স দলগুলো গত কয়েকটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণের জন্য এ ধরনের প্রযুক্তির ব্যাপক ব্যবহার করেছে। দলগুলোর দাবি ছিল, এ পদ্ধতি বন্ধ করা হলে নির্বাচনের দিন তাদের ভোটার উপস্থিতি বাড়ানোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

আরও পড়ুন

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম