Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের একটি হোটেল ও ক্যাফেতে নতুন বছর উদযাপন চলাকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথমে টেলিগ্রামে এক বিবৃতিতে এ দাবি করেন। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ রাজনীতিকরা ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ তোলেন। তবে ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

বিবৃতিতে সালদো জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে নতুন বছর উদযাপনের স্থানে তিনটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। তিনি একে বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেন এবং বলেন, বহু মানুষ আগুনে পুড়ে মারা গেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার খবর মিলেছে। এতে কোনো সন্দেহ নেই যে হামলাটি আগেভাগে পরিকল্পিত ছিল এবং ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে নতুন বছরের উদযাপনে জড়ো হওয়া বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তারা একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী। রাশিয়ার সংসদের উভয় কক্ষের স্পিকারসহ শীর্ষ রাজনীতিকরাও কিয়েভের নিন্দা জানান।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে—যা কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে বৃহস্পতিবার রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনের এক সামরিক মুখপাত্র বলেন, তারা কেবল শত্রু সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য বৈধ লক্ষ্য আঘাত করে।

এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাতে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালিয়েছে এবং এর ফলাফল যাচাই করা হচ্ছে। একই সঙ্গে টেলিগ্রামে দেওয়া আরেক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলমেতিয়েভস্ক তেল স্থাপনাতেও তারা আঘাত হেনেছে।

আলমেতিয়েভস্ক স্থাপনাটি ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৯৬৫ কিলোমিটার (৬০০ মাইল) দূরে, এমনকি বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেও আরও দূরে অবস্থিত।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

মানবদেহে প্রথমবারের মতো স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

মানবদেহে প্রথমবারের মতো স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম