১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাতের বৃষ্টির পর ভারতের রাজধানী দিল্লিতে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। রোববার (২৫ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, দিল্লিতে এ মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। এর আগে চলতি মাসের দিনে এতটা পারদ নামেনি।
আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়, নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক মাত্রার চেয়ে ০.৭ ডিগ্রি নিচে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নগরীতে ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার ফলে চলতি মাসে দিল্লিতে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৬২.৩ মিলিমিটারে। দিল্লির লোধি রোড, পালাম ও রিজের মতো কেন্দ্রগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কম অনুভূত হয়েছে; যার মধ্যে রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাতের হালকা বৃষ্টির প্রভাবে দিল্লির বায়ুমানের কিছুটা উন্নতি ঘটেছে। সরকারি অ্যাপ ‘সমীর’-এর তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৩-তে নেমে এসে ‘সহনীয়’ বা মাঝারি ক্যাটাগরিতে অবস্থান করছে। তবে নগরীর ৫৪টি মনিটরিং স্টেশনের মধ্যে আইআইটি দিল্লি ও আলিপুরসহ ১১টি স্থানে বায়ুর মান এখনো ‘খারাপ’ শ্রেণিতেই রয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, রোববার বায়ুর মান কিছুটা সহনীয় থাকলেও সোমবার থেকে বুধবারের মধ্যে তা ফের আশঙ্কাজনক হারে নেমে গিয়ে ‘খারাপ’ ক্যাটাগরিতে পৌঁছাতে পারে। সোমবার আকাশ মূলত মেঘমুক্ত থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্র: এনডিটিভি

