Logo
Logo
×
   

আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল বিতর্ক

পদত্যাগ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

পদত্যাগ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও

বোর্জ ব্রেন্ডে। ছবি: সংগৃহীত

কুখ্যাত শিশু যৌন নিগ্রহকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বোর্জ ব্রেন্ডে। 

মার্কিন বিচার বিভাগ জানায়, এপস্টেইনের সঙ্গে ব্রেন্ডের অন্তত তিনটি ব্যবসায়িক ডিনার এবং ইমেইল ও টেক্সট মেসেজের মাধ্যমে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। 

গত সাড়ে আট বছর ধরে সংস্থাটির নেতৃত্ব দেওয়া ব্রেন্ডে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, এটিই সংস্থাটির কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার সঠিক সময়। যদিও তার আনুষ্ঠানিক বক্তব্যে সরাসরি এপস্টেইনের নাম উল্লেখ করা হয়নি। তবে ‘অপ্রয়োজনীয় বিভ্রান্তি’ এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বোর্জ ব্রেন্ডের পদত্যাগের পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কো-চেয়ার আন্দ্রে হফম্যান এবং ল্যারি ফিঙ্ক একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে ব্রেন্ডে ও এপস্টেইনের সম্পর্ক নিয়ে একটি স্বতন্ত্র তদন্ত সম্পন্ন হয়েছে। বাইরে থেকে নিয়োগ দেওয়া আইনি পরামর্শকদের দ্বারা পরিচালিত এই তদন্তে নতুন কোনো উদ্বেগের বিষয় খুঁজে পাওয়া যায়নি। 

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইতিপূর্বে প্রকাশিত তথ্যের বাইরে অন্য কোনো আপত্তিকর বিষয় নেই। চলতি মাসের শুরুতে ডাব্লিউইএফ-এর অডিট অ্যান্ড রিস্ক কমিটি স্বচ্ছতা ও সততা বজায় রাখার স্বার্থে এই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল।

বোর্জ ব্রেন্ডে অতীতে নরওয়ে সরকারের সিনিয়র পদেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার আকস্মিক পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণে অ্যালোইস জুইঙ্গিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির বোর্ড অব ট্রাস্টি এখন একজন স্থায়ী উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া তদারকি করবে। 

জেফরি এপস্টেইনের সঙ্গে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সম্পর্কের বিষয়টি দীর্ঘকাল ধরে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বিতর্ক সৃষ্টি করে আসছে, যার সর্বশেষ প্রভাব পড়ল ডাব্লিউইএফ-এর মতো শীর্ষস্থানীয় বিশ্ব সংস্থায়।

সূত্র: এনডিটিভি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম