যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি।ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সহিংসতা বন্ধ করে আবারও আলোচনায় ফিরতে দুই দেশকে উৎসাহিত করবে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি। খবর জিও নিউজের
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকলেও, পাকিস্তান সব পক্ষকে সহিংসতা বন্ধ করে ওই সমঝোতা অনুযায়ী কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে যাবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আন্দ্রাবি বলেন, পাকিস্তান পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের বিশ্বাস, বিরোধ নিষ্পত্তির সবচেয়ে কার্যকর উপায় হলো আলোচনা ও কূটনৈতিক সংলাপ।
তিনি আরও বলেন, চলমান সংঘাত কারও স্বার্থে নয়। তাই সব পক্ষ শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্যের সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে পাকিস্তান আশা করে।

