Logo
Logo
×
   

আন্তর্জাতিক

তীব্র গরমে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, ‘সিভিয়ার হিটওয়েভ’ সতর্কতা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:২২ এএম

তীব্র গরমে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, ‘সিভিয়ার হিটওয়েভ’ সতর্কতা জারি

সড়কের তাপমাত্রা কমাতে রাস্তায় পানি ছিটানো হচ্ছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ইতিহাসে প্রথমবারের মতো ‘সিভিয়ার হিটওয়েভ’ (চরম তাপদাহ) সতর্কতা জারি করা হয়েছে।  আজ মঙ্গলবার (৪ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।  খবর আনাদোলুর

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সিউলের গ্যাংনাম, সঙপা, গ্যাংসিও ও গোয়ানাকসহ ১১টি জেলায় এ সতর্কতা কার্যকর হয়েছে।

গত জুনে সংশোধিত তাপদাহ সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবে নতুন এই সতর্কতা চালু করা হয়। অনুভূত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে, অথবা সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে এই সতর্কতা জারি করা হয়।


প্রতিবেদনে আরও বলা হয়েছে,  দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকিও বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সোমবার সিউলে তাপজনিত অসুস্থতায় ১৮ জন আক্রান্ত হয়েছেন।  মে মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত এ ধরনের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সিউল মহানগর সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। সড়কের তাপমাত্রা কমাতে রাস্তায় পানি ছিটানো হচ্ছে। পাশাপাশি ছোট ও ঝুঁকিপূর্ণ বাসস্থানে বসবাসকারী মানুষসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এ ছাড়া কমিউনিটি সেন্টার, প্রবীণদের কেন্দ্র ও কল্যাণকেন্দ্রসহ প্রায় ৪ হাজার স্থাপনাকে অস্থায়ী শীতল আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বার্তায় নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়াতে, পর্যাপ্ত পানি পান করতে, ঠান্ডা স্থানে বিশ্রাম নিতে এবং পরিবারের সদস্যদের খোঁজখবর রাখতে অনুরোধ জানিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .