Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:০৫ এএম

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

ছবি: সংগৃহীত।

Advertisement

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জন ছাড়িয়েছে। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। এতে অনেক মানুষ আহত হয়েছেন এবং আতঙ্কে বাসিন্দাদের অনেকেই নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। খবর- এপি।

এদিকে ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থ্যাটি জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) ভোরে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। এর ফলে দেশটির বিভিন্ন বড় শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশে। কফি উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো টেলিভিশন চ্যানেল কারাকোলকে জানিয়েছেন, সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

কলম্বিয়ার অন্যতম বড় শহর ক্যালিও ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র আলেহান্দ্রো এদের জানিয়েছেন, অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে। এসব ভবনের মধ্যে ১০টিতে উদ্ধারকাজ চলছে। তবে ক্যালিতে এখনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেওয়া ক্যালির স্থানীয় বাসিন্দা হুয়ান কার্লোস অসোরিও বলেন, ‘ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। শব্দটি বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। পরিস্থিতি ভয়াবহ। আমরা প্রতিবেশীরা সবাই মিলে কাজ করছি। মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসস্তূপ সরাচ্ছি। আমাদের ভারি যন্ত্রপাতি প্রয়োজন। অনেক মানুষ আটকা পড়ে আছেন।’

এদিকে রিসারালদা প্রদেশের রাজধানী পেরেইরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি ভবনের ফাটল ধরা সম্মুখভাগ ধসে পড়তে দেখা গেছে। এতে চারপাশে ধুলা ও ধ্বংসাবশেষের মেঘ তৈরি হয়। রাস্তায় থাকা মানুষ আতঙ্কে ছুটে পালান।

ম্যানিজালেস শহরের একটি নব্য-গথিক ক্যাথেড্রালের ওপরের টাওয়ারগুলোর একটিও ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের প্রদেশ চোকোতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রদেশটির গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি জানিয়েছেন, রাজধানী কুইবদোতে প্রাণহানি, অনেক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই এ শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের সংকটে পড়েছে তার প্রশাসন। এর আগে গত জুনে প্রতিবেশী ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আরও পড়ুন

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম