Logo
Logo
×
   

আন্তর্জাতিক

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার দিয়ে গ্রেফতার জাপানি নারী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার দিয়ে গ্রেফতার জাপানি নারী

সংগৃহীত ছবি।

জাপানের টোকিওতে একটি জনপ্রিয় অনলাইন স্টোরে বারবার বিপুলসংখ্যক অর্ডার দিয়ে পরে সেগুলো বাতিল করার অভিযোগে ৩২ বছর বয়সি এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মায়ু ইয়োশিদা নামের ওই নারী ভুয়া নাম ব্যবহার করে ২০০টিরও বেশি অ্যাকাউন্ট খুলেছিলেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে জাপানের বিখ্যাত মাঙ্গা প্রকাশনা প্রতিষ্ঠান শুয়েইশার অনলাইন স্টোরে দুই হাজারের বেশি ভুয়া অর্ডার দেওয়া হয়। খবর সামা টিভি অনলাইনের। 

অর্ডারগুলোর মধ্যে ‘ওয়ান পিস’সহ জনপ্রিয় মাঙ্গা সিরিজের বিভিন্ন চরিত্রের মূর্তি ও অন্যান্য পণ্য ছিল। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মে পর্যন্ত তিনি এ ধরনের অর্ডার দিয়ে আসছিলেন। অর্ডার করার পর অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেত। আবার নগদে মূল্য পরিশোধের সুযোগ (ক্যাশ অন ডেলিভারি) বেছে নিয়ে পণ্য পৌঁছানোর পরও তিনি তা গ্রহণ করতেন না। এভাবে তিনি আনুমানিক ৪৩০ কোটি ইয়েন মূল্যের পণ্য অর্ডার করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫৩ কোটি টাকার সমান।    

তার এই কর্মকাণ্ডে শুয়েইশার বিপুল আর্থিক ক্ষতি হয়। অর্ডারগুলো প্রস্তুত ও পাঠানোর জন্য বারবার কুরিয়ার ও ডেলিভারি খরচ বহন করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এতে তাদের প্রায় ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়োশিদা অভিযোগ স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিজের দৈনন্দিন জীবনে জমে থাকা মানসিক চাপের কারণে তিনি এ কাজ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .