Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরাইল: এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ এএম

ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরাইল: এরদোগান

রিসেপ তাইয়্যেপ এরদোগান। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সংঘাতকে পুঁজি করে ইসরাইলের নেতানিয়াহু সরকার ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এরদোগান এই কড়া সমালোচনা করেন। 

তিনি বলেন, নেতানিয়াহু সরকারের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে নতুন নতুন সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ফায়দা নেওয়া এবং মানবজাতির সাধারণ এজেন্ডা বা বিশ্বমঞ্চ থেকে ফিলিস্তিনকে মুছে ফেলা।

তবে ইসরাইল তাদের এই ষড়যন্ত্রে কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, তারা যতই ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, মানুষের হৃদয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও অধিকার আদায়ের দাবি আরও বৃদ্ধি পাবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে তুরস্ক সবসময় পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

এর আগে, গতকাল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি প্রতিনিধি দল নিয়ে আঙ্কারায় পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালিদি, গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ এবং ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা জিয়াদ আবু আমর।

আজ তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে এই অঞ্চলের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি ও সংকট নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্টের সাথে তার এই আলোচনাকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ' বলে বর্ণনা করেছেন।

সূত্র: আল-জাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম