ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সালমান-এরদোগান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে নতুন করে সামরিক হামলা চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তাদের কূটনৈতিক তৎপরতা ওয়াশিংটনে প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, তেহরান নতুন করে কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে আপাতত ইরানে হামলা থেকে বিরত থাকতে পারেন তিনি।
তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি ধরে রেখেছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কিংবা ইয়েমেনে তাদের মিত্র হুথিরা নতুন করে কোনো উসকানি না দিলে ইরানে হামলা আপাতত স্থগিত রাখতে পারেন ট্রাম্প। এ বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
সৌদি আরব ও তুরস্কের যুক্তি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে ইতোমধ্যে চাপ তৈরি করেছে। তাই সামরিক পদক্ষেপে না গিয়ে কূটনৈতিক উদ্যোগকে আরও সময় দেওয়া উচিত।
ট্রাম্পকে কী বলেছেন সালমান ও এরদোগান
গত দুই সপ্তাহে আঞ্চলিক নেতাদের সঙ্গে ট্রাম্পের একাধিক ফোনালাপের পর এই কূটনৈতিক তৎপরতা জোরালো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবরের এক ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানান। মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন বলে ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর তিনি এ অনুরোধ করেন।
সৌদি যুবরাজের যুক্তি ছিল, তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইতোমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। তাই সামরিক পদক্ষেপে না গিয়ে নিষেধাজ্ঞার প্রভাব আরও কিছুদিন পর্যবেক্ষণ করা উচিত।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও সাম্প্রতিক ফোনালাপে ট্রাম্পকে একই ধরনের বার্তা দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, গত ২৮ অক্টোবরের পর দুই নেতার মধ্যে তিনবার কথা হয়েছে।
গত ৭ নভেম্বরের ফোনালাপের সরকারি বিবরণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা অবসানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তবে সৌদি আরব ও তুরস্কের নেতাদের সঙ্গে আলোচনা করলেও সামরিক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে, এমন কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি ট্রাম্প।
সামরিক পদক্ষেপ স্থগিতের কথা ভাবছেন ট্রাম্প
উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে ওয়াশিংটন। ইরান ও তার আঞ্চলিক মিত্ররা নতুন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে হামলা এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে কখনো সংঘাত বাড়ানোর হুমকি, আবার কখনো তা কমিয়ে আনার বার্তা দিচ্ছেন ট্রাম্প। ফলে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রয়টার্সের বরাত দিয়ে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত অবসানে এখনো কোনো সুনির্দিষ্ট কৌশল চূড়ান্ত করেননি ট্রাম্প। আঞ্চলিক মিত্রদের অনুরোধ তার চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে বলেও মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে অবিলম্বেই সংঘাতের অবসান ঘটাতে পারেন। তবে যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিতে চায়, সেসব দেশের অনুরোধে তিনি আরও কিছু সময় নিচ্ছেন।
ট্রাম্প বলেন, ‘আমি চাইলে অবিলম্বেই এর অবসান ঘটাতে পারি। কিন্তু যেসব দেশকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি, তাদের অনুরোধে আমরা বিষয়টি আরও কিছুদিন চালিয়ে যাচ্ছি, তবে আরও সংযতভাবে।’
মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
কূটনৈতিক তৎপরতা চললেও মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি কমাচ্ছে না যুক্তরাষ্ট্র। আগামী কয়েক দিনের মধ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সামরিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা দুটি রণতরির একটির স্থলাভিষিক্ত হবে নতুন রণতরিটি। তবে পরিস্থিতির প্রয়োজন হলে তিনটি রণতরিই সেখানে অবস্থান করতে পারে।
কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কিংবা ইরান এমন কোনো পদক্ষেপ নিলে, যেটিকে ওয়াশিংটন উসকানিমূলক মনে করে, তখন নতুন করে সামরিক অভিযান চালানোর সক্ষমতা ধরে রাখতে চায় ট্রাম্প প্রশাসন।
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব স্থাপনায় যুক্তরাষ্ট্র এরই মধ্যে হামলা চালিয়েছে। নতুন করে হামলা চালালে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও বলা হয়েছে, নতুন করে হামলা চালালেও আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়েও উদ্বেগ রয়েছে। সামরিক মজুতের বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। কিছু কর্মকর্তা নির্দিষ্ট ধরনের নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন।
রয়টার্স গত আগস্টে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নিখুঁত নিশানার অস্ত্রের প্রায় সবই ব্যবহার করে ফেলেছে। এ বিষয়ে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, এসব অস্ত্রের মজুত এখনো পুনরায় পূরণ করা হয়নি।
তবে হোয়াইট হাউস সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ নাকচ করেছে। তাদের দাবি, প্রেসিডেন্টের কৌশলগত লক্ষ্য অর্জনে মার্কিন বাহিনীর পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।
ইরানে হামলার জন্য চাপ দিচ্ছে ইসরাইল
সৌদি আরব ও তুরস্ক যখন সংযমের আহ্বান জানাচ্ছে, তখন ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরাইল।
রয়টার্সের বরাত দিয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনকে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করতে বলছেন।
এতে আঞ্চলিক মিত্রদের দাবি, সামরিক বিবেচনা এবং ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন ট্রাম্প।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র এরই মধ্যে যতটা অর্জন সম্ভব, তার বেশির ভাগই করেছে। তবে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেননি তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তার দাবি, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণসহ অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সুবিধা অর্জন করেছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।
রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে ট্রাম্প
ইরান সংঘাত ট্রাম্প প্রশাসনের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জও হয়ে উঠেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের কারণে যুক্তরাষ্ট্রে জনঅসন্তোষ বাড়ছে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে পরিচালিত রয়টার্স-ইপসোসের এক জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এই যুদ্ধের ব্যয় যৌক্তিক নয়।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান সংঘাতও একটি কারণ বলে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওই নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যায়।
রাজনৈতিক এই পরিস্থিতি সংঘাত দীর্ঘায়িত করার ব্যয় এবং ইরানকে তার কৌশলগত অবস্থান পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার ঝুঁকি, এই দুইয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়াকে ট্রাম্পের জন্য আরও জটিল করে তুলেছে।
এ মুহূর্তে ট্রাম্প প্রশাসন দ্বিমুখী কৌশল অনুসরণ করছে। একদিকে কূটনৈতিক যোগাযোগ চালু রাখা হচ্ছে, অন্যদিকে প্রয়োজনে সামরিক অভিযান পুনরায় শুরুর সক্ষমতাও বজায় রাখা হচ্ছে।
সৌদি আরব ও তুরস্কের অনুরোধ এবং নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে গোয়েন্দা মূল্যায়ন নতুন হামলা পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি জোরালো করেছে। তবে ইসরাইলের সামরিক পদক্ষেপের চাপ এবং মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি থাকায় নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা এখনো রয়েছে।
ট্রাম্প শেষ পর্যন্ত কূটনীতি নাকি সামরিক পদক্ষেপের পথ বেছে নেবেন, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের পরিস্থিতির ওপর। বিশেষ করে তেহরানের পরবর্তী পদক্ষেপ এবং ঝুঁকি সম্পর্কে ওয়াশিংটনের মূল্যায়ন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।





