৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৫ বছরে সাত মহাদেশ ভ্রমণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
নাতি ব্র্যাড রায়ানের সঙ্গে জয় রায়ান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সি এক নারী নাতির সঙ্গে ঘুরে বেড়িয়েছেন বিশ্বের সাত মহাদেশ। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর শুরু হয় তার বিশ্ব ভ্রমণ। সম্প্রতি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে পূর্ণ হয়েছে তার সাত মহাদেশ ভ্রমণের স্বপ্ন।
‘গ্র্যান্ডমা জয়’ নামে পরিচিত জয় রায়ান তার ৪৫ বছর বয়সি নাতি ব্র্যাড রায়ানের সঙ্গে এই ভ্রমণ করেছেন। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর আগে শুরু হওয়া এই যাত্রায় তারা বিশ্বের বিভিন্ন দেশ ও দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন।
গত সেপ্টেম্বরে তারা থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করেন। এর মধ্য দিয়ে সাত মহাদেশ ভ্রমণের লক্ষ্য পূরণ হয় তাদের। তালিকায় অস্ট্রেলিয়াই ছিল শেষ মহাদেশ।
অস্ট্রেলিয়াকে সুন্দর দেশ উল্লেখ করে জয় বলেন, কোয়ালাগুলো তার কাছে খুবই সুন্দর লেগেছে। নিজের লক্ষ্য পূরণ করতে পেরে গর্বিত বোধ করেছেন বলেও জানান তিনি।
এই ভ্রমণ শুধু নতুন নতুন জায়গা দেখার অভিজ্ঞতাই দেয়নি, জয় ও ব্র্যাডের সম্পর্কও নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে। এর আগে টানা ১০ বছর তাদের মধ্যে যোগাযোগ ছিল না।
২০১৫ সালের শরৎকালে ব্র্যাড তার দাদির সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানতে চান, জয় তার সঙ্গে গ্রেট স্মোকি মাউন্টেনসে ক্যাম্পিংয়ে যেতে চান কি না। ব্র্যাড জানতেন, তার দাদি আগে কখনো পাহাড় দেখেননি। তাই তাকে নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ করে দিতে চেয়েছিলেন তিনি।
এরপর তাদের ভ্রমণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়। ২০২৩ সালের মে মাসে দেশটির ৬৩টি জাতীয় উদ্যানের সর্বশেষটিও ঘুরে দেখেন তারা।
জাতীয় উদ্যান ভ্রমণ শেষ হওয়ার পর তাদের যাত্রা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তৈরি হয় জয়ের।
এরপর তারা কেনিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে দেখেন। কেনিয়ায় হাতি দেখেছেন তারা। আয়ারল্যান্ডে ঘুরেছেন ঐতিহাসিক দুর্গ। সাম্প্রতিক থাইল্যান্ড সফরে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন মন্দিরও পরিদর্শন করেন।
ব্র্যাড জানান, এক তরুণ বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথোপকথন তাকে মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বুঝতে সাহায্য করেছে। অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতায় আটকে না থেকে মানুষ কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত, তা উপলব্ধি করার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, এই ভ্রমণ তাকে জীবনের আগের নানা কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করেছে। সূত্র: এনডিটিভি

