Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

এটি যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের প্রথম ‘সফল’ সাইবার হামলা। ছবি: সংগৃহীত

ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন পুরোপুরি বন্ধ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।  এটিকে যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের প্রথম ‘সফল’ সাইবার হামলা বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলাটি গত মাসে চালানো হয়। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে কর্মীরা টানা কাজ করে সেটির কার্যক্রম পুনরায় চালু করেন।

নিরাপত্তার কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করেনি।

হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলক ছোট হওয়ায় চার দিন বন্ধ থাকলেও ব্রিটেনের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহ ব্যবস্থায় বড় কোনো প্রভাব পড়েনি।


তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলার সক্ষমতা নিয়ে এ ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে বিদ্যুৎ, পানি ও অন্যান্য জরুরি সেবার অবকাঠামোও এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের ধারণা, হামলাটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সক্ষমতা প্রদর্শন বা পরীক্ষা করার উদ্দেশ্যে চালানো হয়ে থাকতে পারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পানি সরবরাহ অবকাঠামোতেও ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটে। দেশটির ১২টি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থাপনা  এসব হামলার শিকার হয়। 


ব্রিটিশ কর্মকর্তারা এখনো হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ইরানকে দায়ী করেননি।

তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, শিল্পকারখানা ও বিদ্যুৎ অবকাঠামোর নিয়ন্ত্রণব্যবস্থা ক্রমেই ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ায় এগুলো সাইবার হামলার ঝুঁকিতে পড়ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম