মালয়েশিয়ায় বিমানবন্দরের টয়লেট থেকে নবজাতক উদ্ধার, গ্রেফতার ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের স্যানিটেশন বিন থেকে সম্প্রতি জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মালয়েশিয়ান নারী ও মিয়ানমারের এক পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ইয়াহু নিউজের।
দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশ প্রধান আনুওয়াল আব ওয়াহাবের তথ্য অনুযায়ী, গত সোমবার (৩১ আগস্ট) পেনাং আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত টয়লেটের স্যানিটেশন বিন থেকে কান্নার শব্দ শুনতে পান এক পরিচ্ছন্নতাকর্মী। পরে সেখানে তল্লাশি চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ফ্রি মালয়েশিয়া টুডে-র তথ্য অনুযায়ী, শিশুটির সঙ্গে তখনো নাড়ি যুক্ত ছিল। তাই ধারণা করা হচ্ছে জন্মের পরপরই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল।
পুলিশের তদন্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পেনাং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের বুকিত জাম্বুল কমপ্লেক্স থেকে ২৩ বছর বয়সি ওই মালয়েশিয়ান নারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরও তদন্ত চালিয়ে পেনাং বিমানবন্দরের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ২২ বছর বয়সি এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়। বৈধ কোনো ভ্রমণ কাগজপত্র দেখাতে না পারায় তাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শিশুটির বাবা কিংবা দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে ১২ বছরের কম বয়সি শিশু ফেলে দেওয়ার আইনের আওতায় বর্তমানে পুরো ঘটনাটির তদন্ত চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে বিনের ভেতরে পাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এর আগে ২০১৬ সালে সিঙ্গাপুরের তায়ম্পিনেস এমআরটি স্টেশনের একটি টয়লেটের স্যানিটেশন বিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের মর্মান্তিক ঘটনার স্মৃতিও মনে করিয়ে দিয়েছে এই ঘটনাটি।

