Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানির অস্ত্র কিনতে গিয়ে বিপাকে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

ভারতীয় কোম্পানির অস্ত্র কিনতে গিয়ে বিপাকে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী

এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর। সংগৃহীত ছবি

ইউক্রেনকে কামানের গোলা সরবরাহের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭ কোটি ইউরো অর্থ ব্যবহারের একটি অস্ত্র চুক্তিকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর। এই চুক্তিতে ভারতের একটি কোম্পানিও জড়িত ছিল বলে জানিয়েছে ইউরোনিউজ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি সামনে আসে। সেখানে জানা যায়, কামানের গোলা কেনার জন্য এস্তোনিয়া আগেই ৭ কোটি ইউরো পরিশোধ করেছিল। তবে চুক্তির সঙ্গে জড়িত ভারতের কোম্পানি নেকো ডিফেন্স মিউনিশনসের এর আগে কামানের গোলা বিক্রির কোনো রেকর্ড ছিল না।

এস্তোনিয়ার সংবাদপত্র এস্তি এক্সপ্রেস জানিয়েছে, ২০২৪ সালে এস্তোনিয়া কামানের গোলা সরবরাহের জন্য ইতালিতে নিবন্ধিত ডাটাসেল নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটির মালিক ভারতের নেকো ডিফেন্স মিউনিশনস। তবে ওই দুই কোম্পানির কোনোটিই এর আগে কামানের গোলা উৎপাদন করেনি।

২০২৪ সালের ওই চুক্তি নিয়ে বর্তমানে এস্তোনিয়া সালিশি প্রক্রিয়ায় আইনি চ্যালেঞ্জ জানিয়েছে।

২০২২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসা পেভকুর বলেন, এই বিতর্কের রাজনৈতিক দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন।

তিনি বলেন, ‘একজন মন্ত্রী মোজা কিংবা গোলাবারুদের সংখ্যা গোনেন না, আবার চুক্তি নিয়েও আলোচনা করেন না। তবে জাতীয় নিরীক্ষা দপ্তরের সমালোচনা—বিশেষ করে প্রতিরক্ষা বাহিনী ও প্রতিরক্ষা বিনিয়োগ কেন্দ্রের কর্মকাণ্ড নিয়ে—রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন তৈরি করেছে।’

পেভকুর জানান, তিনি ওই চুক্তিগুলো পড়েননি। কারণ প্রতিরক্ষামন্ত্রীরা সাধারণত ব্যক্তিগত অস্ত্র চুক্তির মতো বিষয় সরাসরি পরিচালনা করেন না।

তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে সহায়তা করার মৌলিক সিদ্ধান্ত নেন।

এদিকে পেভকুরের পদত্যাগ এমন এক সময়ে হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার বা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম