আনাদোলু এক্সপ্লেইনার
রাশিয়ার ডিজিটাল রুবল কী এবং এটি কীভাবে কাজ করবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নগদ টাকা ও ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি এবার নতুন এক ডিজিটাল মুদ্রা চালু করেছে রাশিয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা এই ডিজিটাল রুবল ব্যবহার করে মানুষ কোনো রকম বাড়তি খরচ বা ফি ছাড়াই সহজে কেনাকাটা ও লেনদেন করতে পারবে।
বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির সঙ্গে এর কোনো মিল নেই; এর দাম সবসময় সাধারণ রুবলের সমানই থাকে এবং এটি সম্পূর্ণ আইনি স্বীকৃতি পাওয়া মুদ্রা।
গ্রাহকরা চাইলে নিজেদের ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমেই খুব সহজে ডিজিটাল রুবল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য আলাদা কোনো অ্যাপ নামানোর প্রয়োজন নেই।
অ্যাকাউন্ট খোলার পর সাধারণ ব্যাংক বা ই-ওয়ালেট থেকে প্রতি মাসে সর্বোচ্চ ৩ লাখ রুবল পর্যন্ত এই ডিজিটাল অ্যাকাউন্টে আনা যাবে। তবে অন্য কারো কাছ থেকে টাকা পেলে তার কোনো নির্দিষ্ট সীমা নেই।
এই মুদ্রার সবচেয়ে বড় সুবিধা হলো একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে টাকা পাঠানো বা কেনাকাটা সম্পূর্ণ ফ্রি। তবে এতে কোনো ব্যাংক সুদের সুবিধা কিংবা ক্যাশব্যাক বা রিওয়ার্ড পাওয়া যাবে না। এটি মূলত জমানোর চেয়ে খরচ করার জন্যই তৈরি করা হয়েছে।
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও পুতিন সরকার এটি ধীরে ধীরে বাধ্যতামূলক করছে। প্রথম ধাপে বড় বড় ব্যবসায়ীদের জন্য ০১ সেপ্টেম্বর থেকে এই ডিজিটাল মুদ্রায় লেনদেন করা বাধ্যতামূলক করা হয়েছে, যা পরবর্তীতে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও চালু হবে।
ব্যবসায়ীদের খরচ কমানোর জন্য ২০২৬ সালের শেষ পর্যন্ত কোনো ধরনের লেনদেন ফি নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই লেনদেন পরিচালিত হওয়ায় সরকারের পক্ষে হিসাব রাখা সহজ হবে এবং সরকারি অর্থের অপব্যবহার বা দুর্নীতি রোধ করাও সম্ভব হবে।
আপাতত দেশের ভেতর লেনদেনের জন্য এটি চালু হলেও ভবিষ্যতে আন্তর্জাতিক বা দেশের বাইরে লেনদেনের ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখতে পারে।

