Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে নিজেদের স্বর্ণ সরিয়ে নিয়েছে এক ইউরোপীয় দেশ, নেপথ্যে কী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

যুক্তরাষ্ট্র থেকে নিজেদের স্বর্ণ সরিয়ে নিয়েছে এক ইউরোপীয় দেশ, নেপথ্যে কী

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনা আর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের বেশি স্বর্ণ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস।  খবর আল-জাজিরার।

ডাচ সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, ভবিষ্যৎ যেকোনো বড় আর্থিক সংকট বা জরুরি পরিস্থিতি সামলাতেই তারা স্বর্ণ সরিয়ে লন্ডনে পাঠিয়েছে।

ডাচ ব্যাংকের কাছে বর্তমানে প্রায় ৮৩.৮ বিলিয়ন ডলার মূল্যের ৬১২.৪ টন স্বর্ণ রয়েছে। অর্থনৈতিক ঝুঁকি এড়াতে প্রতিটি দেশই সাধারণত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণ ভাগ করে সংরক্ষণ করে। 

আগে নেদারল্যান্ডসের প্রায় ৩১ শতাংশ স্বর্ণ যুক্তরাষ্ট্রে সংরক্ষিত ছিল। তবে নতুন করে পুনর্বিন্যাসের পর যুক্তরাষ্ট্রে স্বর্ণের পরিমাণ কমিয়ে ১৮.৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং লন্ডনের ব্যাংকে তা বাড়িয়ে ৩২.১ শতাংশ করা হয়েছে।

হঠাৎ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নিল নেদারল্যান্ডস? ডাচ ব্যাংক সরাসরি কোনো কারণ না বললেও বিশ্লেষকদের মতে, এর পেছনে মূল ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া কিছু সাম্প্রতিক সিদ্ধান্ত।

প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বেশ অবনতি ঘটেছে। ইউরোপীয় মিত্রদের বিরোধিতা সত্ত্বেও ইরানে মার্কিন সামরিক অভিযান, কানাডার ওপর নতুন বাণিজ্য শুল্ক বসানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করার কারণে ইউরোপীয় দেশগুলোর মধ্যে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে লন্ডনে স্বর্ণ রাখা সবচেয়ে সুবিধাজনক, কারণ সেখান থেকে যেকোনো সংকটকালে খুব সহজে স্বর্ণ কেনাবেচা করে অর্থ সংগ্রহ করা যায়। যুক্তরাষ্ট্র বা কানাডায় রাখা স্বর্ণ বিপদের দিনে এত দ্রুত ব্যবহার করা কঠিন। মার্কিন নীতি ও বৈশ্বিক রাজনীতির এমন অনিশ্চয়তার কারণেই নেদারল্যান্ডস তাদের সম্পদ দ্রুত সুরক্ষিত করার পথ বেছে নিয়েছে। 

কেবল নেদারল্যান্ডসই নয়, এর আগে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোও একইভাবে যুক্তরাষ্ট্র থেকে তাদের স্বর্ণ নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে নিয়েছিল।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম