Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বেলুচিস্তানে ৪৮ ‘সন্ত্রাসী’কে হত্যা করল পাকিস্তানি সেনাবাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

বেলুচিস্তানে ৪৮ ‘সন্ত্রাসী’কে হত্যা করল পাকিস্তানি সেনাবাহিনী

পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সামা টিভির

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি এলাকায় এসব অভিযান চালানো হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর মাস্তুংয়ে অভিযানে ভারত-সমর্থিত বলে দাবি করা ছয় ‘সন্ত্রাসী’ নিহত হন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে এসব ধ্বংস করা হয় বলেও জানায় নিরাপত্তা বাহিনী।

কোয়েটার শাবান এলাকায় চারটি আস্তানায় অভিযান চালিয়ে ২৬ জনকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে আইএসপিআর। এ ছাড়া কালাত এলাকায় একটি কথিত সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে আরও দুই ভারত-সমর্থিত ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।


এ ছাড়া সিবির ভাগ এলাকায় পৃথক অভিযানে আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

আইএসপিআরের দাবি, ২০২৬ সালে এখন পর্যন্ত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১ হাজার ১৮৮ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।


পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ উদ্যোগের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং শেষ ‘সন্ত্রাসী’ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানো হবে।

তবে পাকিস্তানি সামরিক বাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম