জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
পর্যটনের জন্য বিখ্যাত জাপানের ইয়াকুশিমা দ্বীপের পাহাড়ি এলাকাগুলো এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। দেশটির কাগশিমা অঞ্চলের এই ছোট শহরটিতে একের পর এক পাহাড় ধসে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে আবহাওয়া বিভাগ সেখানে সবচেয়ে বড় স্তরের বিপদসংকেত জারি করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জানিয়েছে, এত তীব্র বৃষ্টি এই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। পাহাড়ি ঢল ও ধসের বিপজ্জনক এলাকাগুলোতে ইতোমধ্যে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টির মধ্যে প্রতিটি মুহূর্তই বাসিন্দাদের জীবনকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।
স্থানীয় প্রশাসন সবাইকে কালবিলম্ব না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। আবহাওয়াবিদরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বড় আকারের কোনো সরকারি চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে গেলে পালানোর সময় আর মিলবে না। নিজের ও পরিবারের মানুষদের প্রাণ বাঁচাতে এখন এক মুহূর্তও বসে থাকা যাবে না।
পরিস্থিতি এতটাই খারাপ যে, অনেকের পক্ষে দূরের আশ্রয়কেন্দ্রে যাওয়াও বিপজ্জনক হতে পারে। তেমনটি হলে পাহাড়ের ঢাল, খাড়া পাহাড়ি পথ কিংবা পানি জমে থাকা ছড়া থেকে যত দ্রুত সম্ভব দূরে কোনো শক্ত ও উঁচু দালানে আশ্রয় নেওয়ার আকুল আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।

