ইরান যুদ্ধের গোপন তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার পলিগ্রাফ পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের টান পড়েছে—এমন একটি গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়ে যায়। এর পর থেকেই চরম তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে।
এই গোপন তথ্য কে সাংবাদিকদের কাছে ফাঁস করল, তা খুঁজে বের করতে ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন সামরিক বাহিনীর ৫০ জন শীর্ষ কর্মকর্তার ওপর পলিগ্রাফ (মিথ্যা শনাক্তকরণ) পরীক্ষা চালানো হয়েছে।
‘নিউ ইয়র্ক টাইমস’ জানায়, আগস্ট মাসে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর বা পেন্টাগনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এই পরীক্ষার মুখোমুখি হতে হয়। মূল লক্ষ্য ছিল তথ্য ফাঁসে জড়িতদের ধরা এবং অন্যদের সতর্ক করা।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্র কমে যাওয়া নিয়ে বেশ কিছু খবর প্রকাশিত হওয়ার পরই প্রশাসন এই কঠোর পদক্ষেপ নেয়। তবে পেন্টাগনের মুখপাত্র শিন পারনেল স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যেকোনো গোপন তথ্য ফাঁস হওয়াকে তারা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে দেখেন।
অন্যদিকে, দেশে অস্ত্রের ঘাটতি নিয়ে খবর ছড়াতেই চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই জাতীয় খবরকে শতভাগ মিথ্যা দাবি করে তথ্য ফাঁসকারীদের ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেন।
ট্রাম্প জানান, বর্তমানে যে যুদ্ধ চলছে বা ভবিষ্যতে যদি অন্য কোনো যুদ্ধও হয়, তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত ও প্রায় সীমাহীন অস্ত্রের মজুদ রয়েছে। আমেরিকা এখন ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে নতুন যুদ্ধাস্ত্র তৈরি করছে বলেও তিনি আশ্বাস দেন।
সূত্র: এনডিটিভি।

