Logo
Logo
×
   

আন্তর্জাতিক

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করতে চান ট্রাম্প?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করতে চান ট্রাম্প?

‘নিউ মেক্সিকো’ কি ‘নিউ আমেরিকা’ হতে যাচ্ছে—সংগৃহীত ছবি

কখনও হরমুজ প্রণালির নাম বদলে দেন, কখনও কানাডার লেক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনও নিজের নামের পাশে তৈরি করেন ইরানের মানচিত্র। নাম পরিবর্তনের এ ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যকে টেনেছেন ট্রাম্প।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব দিয়েছেন। তবে তার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, অনেকেই নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার পরামর্শ দিয়েছেন। সম্ভাবনাময় এই অঙ্গরাজ্যের মানুষের জন্য নামটি অনেক বেশি মর্যাদাপূর্ণ ও সুন্দর। আমি এটা ভালোবাসি!

তবে নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম বলেছেন, অঙ্গরাজ্যটির নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকে এই নাম ব্যবহৃত হয়ে আসছে।

ট্রাম্পকে সমালোচনা করে গভর্নর আরও অভিযোগ করেছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই তিনি এসব বিষয় সামনে আনছেন।

নিউ মেক্সিকোর নাম বদলের ধারণা কোথা থেকে?

মার্কিন কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ করার ধারণাটি মূলত একটি ইন্টারনেটভিত্তিক মজার প্রচারণা বা হোক্স থেকেই ছড়িয়েছে।

এরপর সেই ধারণা নিয়েই প্রকাশ্যে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের ‘নাম পরিবর্তন’ অভিযান

ভৌগোলিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে ট্রাম্প প্রশাসন এর আগেও আলোচনায় এসেছে।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নেন। তবে মেক্সিকোসহ বিভিন্ন পক্ষ এই নাম পরিবর্তন মেনে নেয়নি।

এরপর ২০২৬ সালের আগস্টের শেষ দিকে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেন ট্রাম্প। কানাডার কর্মকর্তা ও স্থানীয় নেতারা অবশ্য এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন।

সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ করার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জানান, এটি সিরিয়াস কোনো পরিকল্পনা ছিল না।

এবার সেই তালিকায় যুক্ত হলো নিউ মেক্সিকো। ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে অঙ্গরাজ্যটির নাম হতে পারে ‘নিউ আমেরিকা’। তবে গভর্নরের কঠোর আপত্তির কারণে এই প্রস্তাব বাস্তবে কতটা এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম