Logo
Logo
×
   

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ নিহত ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম

লেবাননে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ নিহত ১২

ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় একটি ভবনে হামলা চালিয়েছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশু ও চিকিৎসাকর্মীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দেশটির কয়েকটি এলাকায় এসব হামলা চালানো হয়। খবর আল জাজিরার

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কফর রেমান শহরে  একটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে দুই শিশুসহ ১১ জন নিহত এবং আরও পাঁচজন আহত হন।

এ ছাড়া নাবাতিহ প্রদেশের ওই শহরে একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত তিন দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।

এর আগে রোববার নাবাতিহ জেলার আরব সালিম শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হন।


এদিকে  ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় একটি ভবনে হামলা চালিয়েছে। হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 

ইসরাইলের দাবি, ভবনটি হিজবুল্লাহর একটি স্থাপনার কাছে ছিল এবং সেখান থেকে বিস্ফোরক বহনকারী ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে সংঘাত কমানোর জন্য একটি কাঠামোগত চুক্তি হলেও হামলা অব্যাহত রয়েছে। চুক্তির আওতায় দক্ষিণ লেবাননে একটি ‘পাইলট জোন’ তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেবে এবং ইসরাইল  ধীরে ধীরে সেনা প্রত্যাহার করবে। 

তবে ইসরাইল এখনো দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম দখলে রেখেছে এবং আরও সেনা প্রত্যাহারে অনাগ্রহী।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলা জোরদার হওয়ায় দক্ষিণ লেবাননে এখন ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চুক্তির পর অনেকে বাড়ি ফিরছিলেন এবং নতুন করে ঘরবাড়ি নির্মাণ শুরু করেছিলেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৫০ জনের বেশি নিহত এবং ১২ হাজার ৩০০ জনের বেশি আহত  হয়েছেন।

এ ছাড়া ২ মার্চ থেকে লেবাননের অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের ওপর ১৭৯টি ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে। এতে ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম