Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরান ‘বাড়াবাড়ি’ করলে পিকঅ্যাক্স মাউন্টেনে কঠোর হামলার ‍হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ইরান ‘বাড়াবাড়ি’ করলে পিকঅ্যাক্স মাউন্টেনে কঠোর হামলার ‍হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওই এলাকায় কোনো ধরনের তৎপরতা চালানোর বিষয়ে তেহরানকে সতর্ক করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। 

তিনি বলেন, ‘আমরা দেখছি পিকঅ্যাক্সে কিছুটা তৎপরতা চলছে। ইরানকে বলব, বাড়াবাড়ি করবেন না। কারণ আমরা হামলা চালালে তা খুব কঠোর হবে।’

পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছেই অবস্থিত। পাহাড়ের ভেতরে গভীরভাবে নির্মিত দুটি সুরক্ষিত টানেল কমপ্লেক্স রয়েছে বলে জানা গেছে।


পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্প এবারই প্রথম দিলেন না। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই তিনি বিভিন্ন সময়ে ওই স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়ে আসছেন।

ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা যুদ্ধের অন্যতম লক্ষ্য বলে দাবি করে আসছেন ট্রাম্প। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে’ পরিচালিত হচ্ছে এবং দেশটির পারমাণবিক অস্ত্র নেই।

পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত।

নাতাঞ্জে ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ছিল। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের সময় ওই স্থাপনায় হামলা চালানো হয়। এর আগেও ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নাতাঞ্জে হামলা হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ নির্মাণাধীন টানেল স্থাপনায় ওই দুই যুদ্ধের কোনোটিতেই হামলা চালানো হয়নি।


ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি এখন ট্রাম্প ও তার রিপাবলিকান দলের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

ট্রাম্প এরই মধ্যে দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে। সেইসঙ্গে তিনি অভিযোগও করেছেন,কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের অবস্থান দুর্বল করার জন্য তেহরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম