Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

অখিলেশ নয়, এবার মায়াবতীর সঙ্গে কি জোট করছেন আসাদউদ্দিন ওয়েইসি?

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

অখিলেশ নয়, এবার মায়াবতীর সঙ্গে কি জোট করছেন আসাদউদ্দিন ওয়েইসি?

ফাইল ছবি

Advertisement

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে জোটের প্রস্তাব নিয়ে এখনও স্পষ্ট সাড়া না মেলায় এবার বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সঙ্গে সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

তবে মায়াবতী ও ওয়েইসির মধ্যে জোট চূড়ান্ত হয়েছে এমন কোনো ঘোষণা এখনও আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মায়াবতী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিএসপি একাই লড়বে বলে জানিয়েছিলেন। 

অন্যদিকে ওয়েইসি গত কয়েক মাস ধরে বিজেপিকে ঠেকাতে বিরোধী দলগুলোর সঙ্গে জোটের আগ্রহ প্রকাশ করে আসছেন। ওয়েইসির বক্তব্যে অখিলেশের সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতার আগ্রহ স্পষ্ট হয়েছে।

সম্প্রতি তিনি বলেছেন, তার দল উত্তরপ্রদেশে আবার বিজেপি সরকার দেখতে চায় না। জোট নিয়ে আলোচনা করতে হলে এখনই করতে হবে, নির্বাচন শেষ হওয়ার পরে আলোচনার কোনো অর্থ নেই। একই সঙ্গে তিনি সমাজবাদী পার্টির উদ্দেশে বলেছেন, এআইএমআইএম ভোটে লড়লে তাদের ক্ষতি হয় বলে যদি মনে করা হয়, তাহলে সেই ক্ষতি এড়াতেই একসঙ্গে লড়াই করা উচিত।

কিন্তু সমাজবাদী পার্টির পক্ষ থেকে এখনও সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি বলে খবর। এর মধ্যেই বিএসপির দিকে ওয়েইসির নজর নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। গত জুলাই মাসেও ওয়েইসি অখিলেশ যাদব ও মায়াবতী উভয়ের কাছেই জোটের প্রস্তাব রেখেছিলেন। 

উত্তরপ্রদেশের রাজনীতিতে দলিত ও মুসলিম ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফলে বিএসপি ও এআইএমআইএম যদি কোনোভাবে সমঝোতায় পৌঁছায়, তাহলে নির্বাচনি ক্ষেত্রে তার প্রভাব নিয়ে আলোচনা শুরু হওয়া স্বাভাবিক। 

এআইএমআইএম ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সাংগঠনিক প্রস্তুতি বাড়িয়েছে। জুনে দলটি প্রায় দুইশ আসনে লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছিল এবং একই সঙ্গে জোটের দরজাও খোলা রাখার কথা জানিয়েছিল।

অন্যদিকে বিএসপি এখন কঠিন রাজনৈতিক পুনর্গঠনের পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি মায়াবতী তার ভাইয়ের ছেলে আকাশ আনন্দকে দলের সব দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তও বিএসপির সাংগঠনিক কৌশল নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।এই পরিস্থিতিতে ওয়েইসি যদি মায়াবতীর সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, তাহলে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সমীকরণের বাইরে আরেকটি রাজনৈতিক মঞ্চ তৈরি হতে পারে। 

তবে সেই সমীকরণ বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে আসন সমঝোতা, ভোটের স্থানান্তর এবং স্থানীয় সংগঠনের শক্তির ওপর।

এদিকে বিরোধী ভোটের বিভাজন নিয়ে বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে। আবার বিজেপির নেতারাও ওয়েইসির সম্ভাব্য জোটকে রাজনৈতিক আক্রমণের বিষয় করেছেন। 

ফলে ওয়েইসি ও মায়াবতীর সম্ভাব্য সমঝোতা শুধু দুই দলের ভবিষ্যৎ নিয়েই নয়, উত্তরপ্রদেশের সামগ্রিক নির্বাচনি সমীকরণ নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম