Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

মালয়েশিয়ার পারলিস রাজ্যের কুয়ালা পারলিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জল উৎসব ২০২৬।

Advertisement

মালয়েশিয়ার পারলিস রাজ্যের কুয়ালা পারলিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জল উৎসব ২০২৬-এ ৫৫ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হয়েছে। দুই ধাপে ৪ থেকে ৬ সেপ্টেম্বর এবং ১৮ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ উৎসব ঘিরে কুয়ালা পারলিসের ব্যবসাপ্রতিষ্ঠান, খাবারের দোকান, আবাসিক হোটেলগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

পারলিসের মুখ্যমন্ত্রী আবু বকর হামজা বলেন, বিপুল দর্শনার্থীর উপস্থিতি আন্তর্জাতিক এ আয়োজনের একটি বড় সাফল্য। এর ফলে কুয়ালা পারলিসসহ পারলিস রাজ্যের স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এমন আয়োজন শুধু দর্শনার্থীদের আকৃষ্ট করে না, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতকেও সচল রাখে। একই সঙ্গে স্থানীয় জনগণের অংশগ্রহণ উৎসবের প্রাণ বাড়িয়ে দিয়েছে।

কুয়ালা পারলিসের দাতারান এমবিআইতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় স্থানীয় ১৯টি গ্রামের বাসিন্দারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। নিজেদের শ্রম ও সৃজনশীলতা কাজে লাগিয়ে তারা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।

সমাপনী অনুষ্ঠানে উৎসবের কৌশলগত অংশীদার অ্যাগ্রোব্যাংকের পক্ষ থেকে ১ লাখ রিঙ্গিত অনুদানের প্রতীকী চেক গ্রহণ করেন আবু বকর হামজা। এ সময় অ্যাগ্রোব্যাংক পেনাং, কেদাহ ও পারলিস অঞ্চলের পরিচালক সাফারুদ্দিন সামসুদ্দিন উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে অ্যাগ্রোব্যাংক একটি প্রদর্শনী স্টলও স্থাপন করে। সেখানে দর্শনার্থী ও উদ্যোক্তাদের বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে তথ্য দেওয়া হয়। ব্যক্তিগত অর্থব্যবস্থা কিংবা ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা ও পরামর্শ নেওয়ার সুযোগ পান আগ্রহীরা।

পারলিসের মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর রাজ্য সরকার গ্রাম সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার আয়োজনকে আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে। এবারের আয়োজন ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে।

তিনি বলেন, বিভিন্ন গ্রামে প্রবেশ করলেই উৎসবের আমেজ চোখে পড়ে। প্রতিটি গ্রাম নিজেদের মতো করে সাজিয়ে তুলেছে এবং সৌন্দর্যবর্ধন প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।   

গ্রামগুলোর এই আয়োজন স্থানীয় মানুষের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চিত্র তুলে ধরেছে উল্লেখ করে তিনি বলেন, বাইরের অনেক মানুষও এসব আয়োজন দেখতে গ্রামগুলোতে এসেছেন। ভবিষ্যতে পারলিসসহ অন্যান্য এলাকার মানুষকে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

আবু বকর আশা প্রকাশ করেন, কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসব ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং আরও বেশি দেশি-বিদেশি দর্শনার্থী আকৃষ্ট করবে।

তিনি বলেন, পারলিসের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর অনন্য বৈশিষ্ট্যকে যথাযথভাবে তুলে ধরতে হবে। এসব ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে পর্যটনের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা গেলে তা পারলিসের পর্যটন খাতের শক্তি ও স্বাতন্ত্র্য আরও বাড়াবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম