শি জিনপিংকে টাকমাথা ঈগল উপহার দিলেন ট্রাম্প
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
শি-কে টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে চীনা প্রেসিডেন্টকে এ উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট।
নৈশভোজে ট্রাম্প আরও বলেন, ‘আপনারা সত্যিই অসাধারণ মানুষ। বেইজিং সফরের সময় চীনের জনগণের আতিথেয়তা ছিল দারুণ। এক দশকেরও বেশি সময় পর আপনি ওয়াশিংটনে ফিরেছেন। আমরা একই সম্মান আপনাকে দেখাতে চাই।’
দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হলেও জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা দুই দেশের নেতা হিসেবে বুঝি যে আমাদের ব্যবস্থা আলাদা। কিন্তু আমাদের জনগণের সম্পর্ক অটুট এবং আমরা কখনো এত ভালোভাবে একসঙ্গে কাজ করিনি।’
তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে পারি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করবে।’
ভাষণের শেষে শি-কে টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দেন ট্রাম্প। তিনি বলেন, এই পাখি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক এবং ‘আমেরিকার স্বাধীন ও উড়ন্ত চেতনার প্রতীক’।
ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি-কে একজন অসাধারণ মার্কিন শিল্পীর তৈরি এই উপহারটি দিচ্ছি। তিনি বিশ্বের অন্যতম সেরা শিল্পী। ভাস্কর্যটি তৈরির নকশায় মেলানিয়া ও আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি।’
তিনি আশা প্রকাশ করেন, ভাস্কর্যটি বেইজিংয়ে ‘সুন্দর ও সম্মানজনক’ কোনো স্থানে রাখা হবে।
হোয়াইট হাউসের এই রাষ্ট্রীয় নৈশভোজ ছিল ‘ব্ল্যাক-টাই’ আয়োজন। এতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যালফাবেটের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শি জিনপিং বলেন, তিনি ও ট্রাম্প বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করেছেন এবং ‘অনেক বিষয়ে অভিন্ন বোঝাপড়ায়’ পৌঁছেছেন। এর ফলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন কৌশলগত দিকনির্দেশনা’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি শি।
শি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে।’ দুই দেশের মধ্যে সম্পর্ক পরিচালনায় ‘নতুন পদ্ধতি’ গ্রহণের আহ্বান জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার শি আটলান্টার একটি চিড়িয়াখানায় দুটি চীনা জায়ান্ট পান্ডা উপহার দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে পাঁচ বছরে এক লাখ মার্কিন শিক্ষার্থীকে চীনে পড়াশোনার সুযোগ দিতে নতুন শিক্ষার্থী বিনিময় কর্মসূচির ঘোষণাও দেন তিনি।
শি বলেন, ‘জায়ান্ট পান্ডা চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বের দূত হিসেবে কাজ করে আসছে।’
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে


